দক্ষিণী অভিনেত্রী তৃষার বাড়িতে বোমা রাখার হুমকি, বাড়ি ঘিরে তল্লাশি
ছবি: সংগৃহীত
০৯:২৬ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ তৃষা কৃষ্ণানকে ঘিরে ফের তৈরি হল চাঞ্চল্যকর পরিস্থিতি। তার চেন্নাইয়ের বাসভবনে বোমা রাখার হুমকির খবরে সোমবার সকাল থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
জানা গেছে, তামিলনাড়ু পুলিশের কন্ট্রোল রুমে ইমেলের মাধ্যমে একাধিকবার এই হুমকি পাঠানো হয়। সংশ্লিষ্ট বার্তায় দাবি করা হয়, অভিনেত্রীর বাড়িতে বিস্ফোরক রাখা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়তেই দ্রুত নড়েচড়ে বসে প্রশাসন।
তাৎক্ষণিকভাবে পুলিশ ও বোম নিষ্ক্রিয়কারী দল অভিনেত্রীর বাড়িতে পৌঁছে যায়। সঙ্গে ছিল প্রশিক্ষিত কুকুরও। গোটা বাড়ি তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। তবে দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশ জানায়, কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরকের সন্ধান মেলেনি। ফলে প্রাথমিকভাবে এটিকে ভুয়া হুমকি বলেই মনে করা হচ্ছে।
এই ঘটনা নতুন নয়। এর আগেও ২০২৫ সালের ২ অক্টোবর একই ধরনের হুমকি পেয়েছিলেন তৃষা। সেই সময়ও ব্যাপক তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। বারবার এমন ভুয়া হুমকিতে উদ্বেগ বাড়ছে প্রশাসনের মধ্যেও, যদিও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তৃষা। বিশেষ করে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়-এর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চর্চার বিষয়। যদিও এ নিয়ে কখনও স্পষ্ট কিছু জানাননি কেউই।
এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। শীঘ্রই দক্ষিণী তারকা চিরঞ্জীবী-এর সঙ্গে ‘বিশ্বম্ভরা’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
সব মিলিয়ে, একদিকে হুমকির আতঙ্ক, অন্যদিকে কাজের ব্যস্ততা দুইয়ের মাঝেই নতুন করে আলোচনায় উঠে এলেন তৃষা কৃষ্ণান।
পিআর/টিকে