তারেক রহমানও অভ্যুত্থানের একটা ফেস: হান্নান মাসউদ
ছবি: সংগৃহীত
১০:২০ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, তারেক রহমানও অভ্যুত্থানের একটা ফেস। উনিও দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছেন, হাসিনা বিরোধী আন্দোলনে লড়াই করেছেন। উনিই প্রধানমন্ত্রী হয়েছেন। এখন যদি উনি কথা না রাখেন, সেটা পরের বিষয়। বাংলাদেশে আমরা বিএনপি-জামায়াতকে নিয়েই অভ্যুত্থান করেছি।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল কামিল মাদ্রাসা মাঠে এনসিপি আয়োজিত স্থানীয় জনসাধারণের সঙ্গে এক ব্যতিক্রমী চায়ের আড্ডা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে হান্নান মাসউদ বলেন, ‘বাংলাদেশে যারা অভ্যুত্থান করেছে তারাই সরকারি দল আবার তারাই বিরোধী দল। নেপালে অভ্যুত্থানকারীরা সরকার গঠন করেছে আর বিরোধী দল অভ্যুত্থানের পরাজিতরা। এই জায়গায় বাংলাদেশ সফল।’
রাজনৈতিক দলগুলোর গঠন প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে যে ধারা আছে, সে ধারায় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন এ তিনটি দলই ক্ষমতায় থেকে তারপর রাজনৈতিক দল গঠন করেছে। ক্ষমতার বাইরে থেকে প্রতিষ্ঠিত হয়েছে দুটি রাজনৈতিক দল। তার মধ্যে একটি জামায়াতে ইসলামী, আরেকটি জাতীয় নাগরিক পার্টি। এভাবে তরুণ রাজনৈতিক দল গঠন করে ইতিহাসে প্রথম সাংসদ নির্বাচনে ৬ জন সংসদ সদস্য পাওয়া দল জাতীয় নাগরিক পার্টি।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা (জাতীয় নাগরিক পার্টি) দেশের ভয়েস, এ দেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর। যে কণ্ঠস্বর একজন হতে পারে, দুজন হতে পারে, পাঁচজনও হতে পারে। কে, কখন সাধারণ মানুষের হয়ে কথা বলবে, কে নেতৃত্ব দেবে; সেটা আল্লাহই ঠিক করে দেন। বিএনপি বড় রাজনৈতিক দল ছিল, জামায়াতে ইসলামী বড় রাজনৈতিক দল ছিল। গণঅভ্যুত্থানের নেতৃত্ব আল্লাহ বিএনপিকেও দিতে পারতো, জামায়াতে ইসলামকেও দিতে পারতো; কিন্তু সেখানে ছোট ছোট কয়েকজনের হাতে নেতৃত্ব দিয়েছে। আবার সেখান থেকে ছয় জনকে এমপিও বানিয়ে ফেলেছে। এটা আল্লাহ প্রদত্ত।’
সিস্টেমের পরিবর্তন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আবদুল হান্নান মাসউদ বলেন, ‘সরকারের বিরুদ্ধে বলা যায়, মাফিয়াদের বিরুদ্ধে কথা কম বলতে হয়। কারণ সরকার কন্ট্রোল করে মাফিয়ারা। এই মাফিয়াদের হাত এতোই শক্তিশালী, এরা সরকার চেঞ্জও করতে পারে। আমরা কথা বলতেছি। আমরা সিস্টেমটার পরিবর্তন করতে চাচ্ছি। সিস্টেমের কারণেই হাদিসহ বহু হত্যারই বিচার ঠিকমতো হচ্ছে না। পুলিশ তদন্তে যায়, সরকার তাকে ঠিকমতো লজিস্টিক সাপোর্ট দেয় না।’
অনুষ্ঠানে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ চাটখিলের স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন কথা শোনেন। হাতিয়া আসনের সংসদ সদস্য হওয়া সত্ত্বেও দলীয় সাংগঠনিক কাজে চাটখিলে তার এই আগমন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের এই নেতার উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
কেএন/টিকে