কেন বাদ দেওয়া হলো অক্ষয়ের ‘ভূত বাংলো’ ছবির অনেক অংশ?
ছবি: সংগৃহীত
১০:৩৫ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
মুক্তির আগেই নানা চর্চায় ঘেরা ‘ভূত বাংলো’। অক্ষয় কুমার অভিনীত ও প্রিয়দর্শন পরিচালিত এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে বড়পর্দায় আসার আগে একাধিক কাটছাঁট ও সংশোধনের মধ্য দিয়ে যেতে হয়েছে ছবিটিকে।
সম্প্রতি জানা গেছে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছবিটিকে ‘ইউ/এ’ শংসাপত্র দিয়েছে। কিন্তু সেই অনুমোদনের আগে নির্মাতাদের বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে। পরীক্ষক কমিটির নির্দেশ অনুযায়ী ছবির বিভিন্ন অংশে থাকা কিছু অশালীন শব্দ বদলাতে হয়েছে। একটি সংলাপ যেখানে নারীদের প্রতি অসম্মানজনক ইঙ্গিত ছিল, সেটিও সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

শুধু সংলাপ নয়, ছবির বিষয়বস্তুর ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ধর্মীয় ও কুসংস্কারমূলক প্রসঙ্গে প্রয়োজনীয় নির্দেশিকা যুক্ত করার কথাও বলা হয়েছে নির্মাতাদের।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ছবির দৈর্ঘ্যে। শুরুতে প্রায় ১৭০ মিনিটের ছিল এই ছবি। কিন্তু সংশোধনের পর মোট ৬৩টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। ফলে এখন ছবির দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রায় ২ ঘণ্টা ৪৪ মিনিট ৫২ সেকেন্ড।
প্রথমে ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে ১৭ এপ্রিল করা হয়েছে। ১৬ এপ্রিল একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। একই সময়ে মুক্তিপ্রাপ্ত অন্য ছবির সঙ্গে সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। যদিও সহ-প্রযোজক একতা কপূর জানিয়েছেন, সব ছবির ভালোর কথাই ভেবেই এই সিদ্ধান্ত।
ছবিতে অক্ষয়ের পাশাপাশি রয়েছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, তব্বু এবং ওয়ামিকা গব্বী। সব মিলিয়ে, কাটছাঁটের পর নতুন রূপে মুক্তির অপেক্ষায় ‘ভূত বাংলা’। এখন দেখার, দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে এই বহুল আলোচিত ছবি।
পিআর/টিকে