রোমান্টিক ইমেজের পর এবার অ্যাকশন লুকে আহান পান্ডে
ছবি: সংগৃহীত
১১:৪৮ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
প্রথম সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে বক্স অফিস কাঁপানো আহান পান্ডে এবার পর্দায় ফিরছেন সম্পূর্ণ ভিন্ন রূপে। ‘সাইয়ারা’র সেই আবেগপ্রবণ সংগীতশিল্পীর ইমেজ ভেঙে এবার তাকে দেখা যাবে একজন গ্যাংস্টারের চরিত্রে। প্রখ্যাত পরিচালক আলী আব্বাস জাফরের পরবর্তী অ্যাকশন-রোমান্স সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।
এই ছবিতে আহান এমন একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন, যিনি ভালোবাসার জন্য জানবাজি রেখে লড়াই করেন।

নিজের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে আহান ইতিমধ্যে হাতাহাতি যুদ্ধ ও অস্ত্র চালনার বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। জেন-জি প্রজন্মের এই হার্টথ্রব অভিনেতাকে এবার বেশ আক্রমণাত্মক মেজাজে দেখবেন দর্শকরা।
এই সিনেমার অন্যতম বড় চমক হলো অভিনেতা জিমি শেরগিল। জনপ্রিয় সিনেমা ‘মহাব্বাতেঁ’ (২০০০)-এর দীর্ঘ দুই দশক পর আবারও যশরাজ ফিল্মসের ব্যানারে ফিরছেন তিনি।
ছবিতে তার চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সেটি এখনো গোপন রাখা হয়েছে। এ ছাড়া ছবিতে আরো রয়েছেন শর্বরী, ববি দেওল, ঐশ্বর্য ঠাকুর।
৩ এপ্রিল থেকে মুম্বাইতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। চলতি মাসজুড়ে মুম্বাইতে কাজ চলার পর মে মাসে পুরো টিম লন্ডনে যাবে।
নির্মাতাদের লক্ষ্য আগামী জুলাইয়ের মধ্যে শুটিং শেষ করা। সব ঠিক থাকলে ২০২৭ সালের শুরুর দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া
পিআর/টিকে