দীপিকার অসুস্থতা নিয়ে আতঙ্ক,তবু স্ত্রীর সামনে থেকেছেন শক্ত হয়ে
ছবি: সংগৃহীত
০৩:২৮ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কড়ের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। দ্বিতীয়বার শরীরে টিউমার ধরা পড়ার খবরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে সেই কঠিন যুদ্ধে দীপিকা একা ছিলেন না ছায়ার মতো পাশে ছিলেন স্বামী শোয়েব ইব্রাহিম। সম্প্রতি স্ত্রীর অসুস্থতা ও অস্ত্রোপচার পরবর্তী পরিস্থিতি নিয়ে নিজের মনের জমে থাকা উদ্বেগ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেতা।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপিকার শরীরে দ্বিতীয়বারের মতো টিউমার শনাক্ত হয়। এরপর থেকেই শুরু হয় চিকিৎসা আর উদ্বেগের দিনলিপি। সম্প্রতি নিজের ভ্লগে শোয়েব জানান, গত ১০-১২ দিন তিনি অনেকটা অন্তরালেই ছিলেন। কেন নিয়মিত ভিডিও দিচ্ছিলেন না, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘হাসপাতালে যাতায়াত আর চিকিৎসকদের সঙ্গেই সময় কাটছিল। আপনাদের একঘেয়েমি এড়াতেই আমি ক্যামেরার সামনে আসিনি।’

দীপিকাকে নিয়ে নিজের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘দীপিকাকে নিয়ে খুব চিন্তা হতো। ওর নতুন করে টিউমার ধরা পড়ার পর থেকে আমি এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে পারিনি। অনবরত মাথায় একটা চিন্তার ভার কাজ করত। ছোট কিছু হলেও ভীষণ ভয় পেতাম।’
শোয়েব আরও জানান, স্ত্রীর সামনে নিজেকে শক্ত রাখলেও ভেতরে ভেতরে তিনি ছিলেন অত্যন্ত শঙ্কিত। এমনকি রাতে দীপিকার সামান্য পায়ে ব্যথা হলেও তিনি আঁতকে উঠতেন। তবে দীপিকা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন, তাই নিজের ভয় কখনো তাকে বুঝতে দেননি শোয়েব।
এসএ/টিকে