তারেক রহমান সকল অপরাধের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন: ভূমি প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৫:২৭ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধরনের অপরাধ—কিশোর গ্যাং, মাদক, অস্ত্রের ঝনঝনানি কিংবা দুর্বৃত্তায়নের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে চবির জারুলতলায় ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আমরা সরকার গঠনের পর থেকে আজ ৪৬ দিন পর্যন্ত যেসকল কাজ করেছি, সবগুলোই গণবান্ধব। আমরা যেকোনো ধরনের দখলদার-নৈরাজ্যের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও এর বাইরে নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক ও নিরাপদ রাখতে কাজ করব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও আবাসন সমস্যার সমাধানে আশ্বাস জানিয়ে এই প্রতিমন্ত্রী বলেন, শাটল ট্রেনের সমস্যা সমাধানে আমি রেল প্রতিমন্ত্রীর সাথে কথা বলব। তিনি জাতীয় সংসদে আমার পাশের সিটেই বসেন। আর ১০টি হল নির্মাণের জন্য যে ডিপিপি তৈরি করা হয়েছে, সেটার অগ্রগতি নিয়ে আমি কাজ করব।
পহেলা বৈশাখ উদযাপন কমিটি-২০২৬ এর আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, চাকসু ভিপি, জিএস ও এজিএস প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কাটা পাহাড় রাস্তা, শহীদ মিনার হয়ে জারুল তলায় এসে শেষ হয়। এর পাশাপাশি পহেলা বৈশাখ উপলক্ষ্যে, বলী, বউচি, কাবাডি, ও পুতুল নাচের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে চাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলারও আয়োজন করা হয়েছে।
টিজে/টিকে