আগামী দিনের কৃষি হবে সম্মানের পেশা: কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:২৪ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে কৃষক কার্ডের মাধ্যমে এ খাতকে এগিয়ে নিতে চান বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, এই কার্ডের মূল চিন্তা ছিল তারেক রহমানের, যা কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে এবং আগামী দিনে কৃষিকে একটি সম্মানের পেশায় রূপান্তর করবে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান খাল খনন ও সেচ ব্যবস্থার মাধ্যমে দেশে কৃষি বিপ্লব এনেছিলেন এবং খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কৃষি ঋণ মওকুফ ও সারে ভর্তুকি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের এই ‘কৃষি কার্ড’ উদ্যোগ কৃষকদের সার, বীজ ও ঋণের ঝামেলা থেকে মুক্তি দেবে।
কৃষিমন্ত্রী বলেন, এই কার্ডে জমির পরিমাণ ও ধরণ সংরক্ষিত থাকায় ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়া সহজ হবে এবং ভুয়া ঋণের জালিয়াতি বন্ধ হবে। দেশের ৭০ শতাংশ মানুষ কৃষির সাথ জড়িত বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী। তিন বলেন, তারা অর্থনৈতিক ভাবে শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। বিশেষ করে গমের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং ফড়িয়া বা ‘মিডল ম্যান’দের দৌরাত্ম্য কমাতে এই কার্ড বড় ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এখন থেকে কৃষি বিভাগ কৃষকের উৎপাদিত উদ্বৃত্ত ফসল সরাসরি কিনতে বাধ্য থাকবে, ফলে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হবে না।
আইকে/টিএ