নিজ হাতে রাতের রাস্তায় আলপনা আঁকলেন জয়া আহসান
ছবি: সংগৃহীত
০৯:৩৫ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
চৈত্রের শেষ রাতেই যেন রঙে-রসে ভরে উঠল ঢাকার রাজপথ। আর সেই উৎসবমুখর আবহে সাধারণ মানুষের সঙ্গে মিশে একাত্ম হয়ে উঠলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আলপনার রঙে, ভালোবাসার ছোঁয়ায় আর নতুন শুরুর বার্তায় তিনি যেন তুলে ধরলেন বাঙালির চিরন্তন উৎসবের আত্মা।
বর্ষবরণের আনন্দে প্রতি বছরই মেতে ওঠেন জয়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। পরিবারের সদস্য, স্বজন আর বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনে পান্তা-ইলিশসহ বৈশাখী খাবারের আয়োজন করেছিলেন তিনি। তবে ঘরের আনন্দে থেমে থাকেননি, চৈত্রের শেষ রাতেই নেমে পড়েন ঢাকার রাজপথে।
পরনে ঐতিহ্যবাহী লাল পাড়ের শাড়ি, হাতে রং-তুলি—সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আলপনা আঁকতে দেখা যায় তাঁকে। ছোট থেকে বড়, সব বয়সের মানুষের সঙ্গে মিশে এই উৎসবকে নিজের মতো করে উদযাপন করেছেন অভিনেত্রী। সেই মুহূর্তগুলোই তিনি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে, যা ছড়িয়ে পড়েছে দুই বাংলার অনুরাগীদের মাঝে।

জয়ার কথায়, নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাংলাদেশের সবচেয়ে বড় সার্বজনীন আয়োজন। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে মিলিত হওয়ার এক অনন্য উপলক্ষ। তাঁর বার্তায় উঠে এসেছে সৌভ্রাতৃত্ব আর মানবিকতার আহ্বান। তিনি চান, সবাই যেন একে অপরের সুখ-দুঃখে পাশে থাকে।
এই উৎসবের মধ্য দিয়ে আবারও প্রমাণ মিলল, কাজের ব্যস্ততার মাঝেও জীবনের ছোট ছোট আনন্দ আর ঐতিহ্যকে গুরুত্ব দিতে ভোলেন না জয়া আহসান। বরং সেই আনন্দকেই ছড়িয়ে দেন চারপাশে।
আইকে/টিএ