© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন শুধুমাত্র মা, বোনের চরিত্রে অভিনয় করেছেন ফরিদা জালাল?

শেয়ার করুন:
কেন শুধুমাত্র মা, বোনের চরিত্রে অভিনয় করেছেন ফরিদা জালাল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৫ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
বলিউডের পর্দায় তিনি কখনো মমতাময়ী মা, কখনো আদরের বোন, আবার কখনো দিদিমা। গত ছয় দশক ধরে ফরিদা জালাল মানেই পর্দায় এক চিলতে ভরসা। নায়ক-নায়িকার ভিড়ে কেবল পার্শ্বচরিত্রে অভিনয় করেও যে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, তিনি তার জীবন্ত উদাহরণ।

ক্যারিয়ারের শুরু থেকেই ফরিদা জালাল নিজের জন্য কিছু গণ্ডি টেনে দিয়েছিলেন।

অনেক বড় সুযোগ এলেও নিজের আদর্শের বাইরে গিয়ে তিনি অভিনয় করেননি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি একটি নির্দিষ্ট সীমা অতিক্রম না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। অনেকে ভালো-মন্দ নানা উপায়ে টাকা উপার্জন করে, কিন্তু সম্মান ও মর্যাদা ত্যাগের মাধ্যমে অর্জন করতে হয়। আজ এত বছর পরেও আমি কাজ করছি, দর্শকদের ভালোবাসা পাচ্ছি-এটাই কি আমার সার্থকতা নয়?



ফরিদা জালাল যখন অভিনয় শুরু করেন, তখন পার্শ্বচরিত্রে অভিনয় করেও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বহুবার।

অনেকেই প্রশ্ন করেন, তার কি কখনো নায়িকা হওয়ার ইচ্ছা জাগেনি? এ প্রসঙ্গে তার স্পষ্ট জবাব-সেই যুগে নায়িকাদের কাজ ছিল কেবল গান গেয়ে বেড়ানো। সেই তুলনায় বোনের চরিত্রে অভিনয়ের সুযোগ বেশি থাকত। আর সেই সুযোগটাই তিনি কাজে লাগিয়েছেন।

ফরিদা জালালের ক্যারিয়ারে রয়েছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো কালজয়ী সিনেমা।

এ ছাড়া ‘শারারাত’ ও ‘দেখ ভাই দেখ’-এর মতো অসম্ভব জনপ্রিয় সিরিয়াল। এবং সাম্প্রতিক সময়ের আলোচিত ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’।

নিজের সাফল্যের অনেকটা কৃতিত্ব তিনি দিয়েছেন পরিচালক করণ জোহর ও আদিত্য চোপড়াকে। ফরিদার মতে, তাদের সিনেমাগুলোই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। মজা করে তিনি বলেন, করণ তো আমার ছেলের মতো, এখন ওদের কাছে শুধু আরো কাজ করার আবদার করি।

তিনি বিশ্বাস করেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ বা ‘কুছ কুছ হোতা হ্যায়’ চিরকাল মানুষের মনে গেঁথে থাকবে, আর তার মাধ্যমেই বেঁচে থাকবে তার অভিনয়।

পার্শ্বচরিত্রে অভিনয় করেও ফরিদা জালাল প্রমাণ করেছেন যে, অভিনয় ক্ষমতা থাকলে ছোট চরিত্রকেও অমর করে রাখা সম্ভব। নিজের ব্যক্তিত্ব আর অভিনয়ের জাদুতে তিনি আজও ইন্ডাস্ট্রির এক অপরিহার্য নাম।

কেএন/টিএ

মন্তব্য করুন