শিক্ষার্থী অদিতা হত্যা মামলার রায় আজ
ছবি: সংগৃহীত
১১:৪৬ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতাকে (১৪) ধর্ষণের পর নৃশংস হত্যার আলোচিত মামলার রায় আজ ঘোষণা করা হবে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এই রায় পাঠ করবেন।
নিহত অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার মৃত রিয়াজ হোসেনের মেয়ে। তার মা রাজিয়া সুলতানা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর অদিতাকে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় তার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনি (৩৪)। এতে ব্যর্থ হয়ে সে অদিতাকে নির্মমভাবে গলা ও হাতের রগ কেটে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে রনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রনি অদিতাকে হত্যার কথা স্বীকার করেছিলেন। ২০২৩ সালের ২১ জুন আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এই রায়কে কেন্দ্র করে আজ সকাল থেকেই আদালত চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। নিহত অদিতার পরিবার, সহপাঠী এবং সচেতন মহলের দৃষ্টি এখন আদালতের রায়ের দিকে।
নিহতের মা রাজিয়া সুলতানা আবেগপ্লুত কণ্ঠে বলেন, ‘আমি আমার সন্তানের খুনির ফাঁসি চাই এবং সেই রায় যেন দ্রুত কার্যকর হয়। আজ আমার মেয়ের বিচার পেলে কাল অন্য কোনো মেয়ে নিরাপদে ঘুমাতে পারবে। আমি একটি নিরাপদ বাংলাদেশ চাই।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুন বলেন, ‘সারা দেশের মানুষ আজ এই রায়ের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করি, এই রায়ের মাধ্যমে সত্য ও ন্যায়ের জয় হবে এবং নিহতের পরিবার দীর্ঘদিনের প্রতীক্ষিত ন্যায়বিচার পাবে।
এসএস/টিএ