ট্র্যাজেডি পেরিয়ে দ্বিতীয় স্ত্রী রাধার হাত ধরেই নতুন জীবন গড়েছেন রাজপাল
ছবি: সংগৃহীত
১২:৩১ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
৯ কোটির চেক বাউন্স মামলায় সম্প্রতি দিল্লি উচ্চ আদালতে বড় স্বস্তি পেয়েছেন রাজপাল যাদব। অন্তর্বর্তীকালীন জামিনে তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পর লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়াতেও ফিরেছেন। এমন আবহেই চর্চায় তাঁর ব্যক্তিগতজীবন। দর্শকের মুখে হাসি ফোটানো এহেন রাজপালের জীবনের অন্তরালে রয়েছে এক নির্মম অতীত। যাকে 'ট্র্যাজেডি' বললেও অত্যুক্তি হয় না।
রাজপালের দুর্দিনে ঢাল হয়ে তাঁকে সঙ্গ দিচ্ছেন তাঁর স্ত্রী রাধা যাদব। অনেকেই হয়তো জানেন না যে রাধা অভিনেতার দ্বিতীয় স্ত্রী। তার আগে করুণা মানে জনৈক মহিলার সঙ্গে বিয়ে করেছিলেন। কিন্তু সন্তানের জন্ম দিতে গিয়ে প্রথম স্ত্রী'র মৃত্যু হয়। এরপরই ভালোবাসে বিপত্নীক ও এক সন্তানের বাবা রাজপাল যাদবকে বিয়ে করেছিলেন এই সুন্দরী। কীভাবে রাধার সঙ্গে প্রেম হল অভিনেতার?
কেরিয়ারের গোড়ায় পরিবারের পছন্দে রাজপালের বিয়ে হয়েছিল করুণা নামক এক তরুণীর সঙ্গে। কিন্তু ভাগ্য সহায় ছিল না। প্রসবকালীন জটিলতায় করুণার মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়েন অভিনেতা। প্রথমে ঠিক করেছিলেন মেয়ের জন্য় সৎ মা আনবেন না, কিন্তু রাজপালের ভাগ্য়ে যে রাধার নাম লেখা ছিল, অদৃষ্টের হিসেব কেই বা জানত?
প্রথম স্ত্রীর মৃত্যুর পর একদশকেরও বেশি সময় একাই সন্তান সামলেছেন রাজপাল। এরপর ২০০২ সালে কানাডায় 'দ্য হিরো' ছবির শুটিং করতে গিয়েই রাধার সঙ্গে আলাপ। রাধা তখন কানাডাতেই থাকেন। প্রথম দেখাতেই একে-অপরের প্রতি অদ্ভুত টান অনুভব করেছিলেন তাঁরা। তবে সেসময় তাঁদের কেউই ভাবেনি যে এক সাধারণ আলাপচারিতা কীভাবে সারাজীবনের সম্পর্কে গড়াবে।
শুটিং শেষে রাজপাল ভারতে ফিরলেও তাঁদের ফোনে কথোপকথন চলত। রাধা বলেন, "আমরা তখন জানতাম না যে আমাদের বিয়ে হবে।" এরপর শুরু হয় টানা ১০ মাসের এক কঠিন দূরত্বের সম্পর্ক। যারা ভিন্ন টাইম জোনে থেকে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছেন, তারা জানেন এটি কতটা ক্লান্তিকর। অবশেষে, রাধা এক বিশাল ঝুঁকি নিয়ে ভারতে চলে আসেন। সিদ্ধান্ত নেন তিনি রাজপালের হাত ধরে ভারতেই থেকে যাবেন।
রাজপাল যাদব এবং রাধার ১৩ বছরের বয়সের ফারাক। রাধার পরিবারে এই নিয়ে আপত্তিও কম হয়নি। রাধা জানান, তাঁদের বিয়েতে প্রথমদিকে তাঁর পরিবার রাজি ছিল না। তবে সময়ের সঙ্গে সব বাধা কাটিয়ে ২৩ বছরেরও বেশি সময় ধরে এক সঙ্গে রয়েছেন তাঁরা।
২০০৩-এ নতুন জীবন শুরু করেন দু'জনে। দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন রাজপাল যাদব। রাধা যাদব লাইমলাইটে কম থাকলেও তাঁর সৌন্দর্য কিন্তু কোনও বলিউড সুন্দরীর চেয়ে কম নয়! রাজপালের বড় মেয়ে জ্যোতিকেও তিনি নিজের সন্তানের মতো বড় করে তুলেছেন।
বিয়ের সময় রাধার বয়স ছিল মাত্র ১৮ বছর। তবে রাজপাল নিশ্চিত করেন যে বিয়ের পরেও রাধা যেন পড়াশোনা চালিয়ে যেতে পারেন। রাধা নিজের ডিগ্রি সম্পূর্ণ করতে চেয়েছিলেন এবং ইন্টিরিয়র ডিজাইনিংয়ের প্রতি তাঁর আগ্রহ ছিল। বিয়ের পর তিনি এক বছর লন্ডনে এবং আরেক বছর দুবাইয়ে থেকে পড়াশোনা করেন।
স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে রাজপাল জানান, বিগত ২৩ বছরে রাধার কিনে দেওয়া পোশাকই তিনি শুধু পরেন। আরেকটি মজার ঘটনাও শেয়ার করেছেন অভিনেতা। কানাডায় বিয়ের পর প্রথম শপিং করতে গিয়ে নিজের মাপের পোশাক খুঁজে পাচ্ছিলেন না। তখন রাধা তাঁকে বাচ্চাদের সেকশন থেকে পোশাক কিনে দেন।
এসএ/টিকে