আমার কাছের মানুষই শক্র: ফারুক আহমেদ
ছবি: সংগৃহীত
০৩:৩৭ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
একটা সময় হুমায়ূন আহমেদের সব নাটকে দেখা যেত অভিনেতা ফারুক আহমেদকে। এখনও কিছু কিছু নাটকে তাকে দেখা যায়। এবার ব্যক্তিগত ইস্যু নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, তার আগের ফেসবুক পেজ বন্ধ হওয়ার পেছনে ছিল তারই পরিচিত কিছু মানুষ। যাদের তিনি কাছের মানুষ উল্লেখ করে বলেন, ‘আমার কাছের মানুষই শক্র, তারা অভিযোগ দিয়ে ফেসবুক পেজ বন্ধ করেছে।’
পোস্টে এই অভিনেতা জানান, প্রায় দেড় বছর আগে হঠাৎ করেই একটি অভিযোগের ভিত্তিতে এই অভিনেতার ফেসবুক পেজ (৬ লাখ অনুসারী) ও আইডি (৩ লাখ অনুসারী) বন্ধ হয়ে যায়। এই ঘটনায় বেশ অবাক হয়ে যান এই অভিনেতা। এই নিয়ে তিনি বলেন, ‘বছর দেড়েক আগে আমার ফেসবুক প্রোফাইল ও পেজ আমার পরিচিত লোক মেটাতে অভিযোগ করে বন্ধ করে দেন। যে ছিলেন আমার ঘনিষ্ঠ।’
ফারুক বলেন, ‘কারা এই অভিযোগ করেছিলেন এবং কেন করেছিলেন—তা আমি পরে জেনেছি। কিন্তু কখনোই আমি তাদের কিছু বলিনি। এমনকি তাদের কোনো কিছু বুঝতেও দিইনি। তারা ছিলেন আমারই কাছের। মানুষকে চেনা আসলে কঠিন। আমি বুঝতে পেরেছি। এটাও বুঝতে পেরেছি, তারা আমার কেন ক্ষতি করেছেন।’

পরবর্তী সময়ে নতুন করে আবার ফেসবুকে ফেরেন এই অভিনেতা। তার নতুন এই পথচলায় অল্প সময়েই তার সঙ্গে যুক্ত হন আড়াই লাখ ভক্ত। এই অভিনেতা বলেন, ‘এখন ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। যে কারণে পেজটি উদ্ধার করতে না পেরে নতুন ফেসবুক প্রোফাইল খুলেছি। আমার বিশ্বাস ছিল, দেশের মানুষ আমাকে ভালোবাসেন। মাত্র কয়েক মাসের মধ্যে আমার এই নতুন প্রোফাইলে আজ সকাল পর্যন্ত ২ লাখ ৫০ হাজার অনুসারী যুক্ত হয়েছেন।’
এই সময় ফারুক আহমেদ আরও জানান, ‘এখনো কেউ কেউ তার নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে ইমেজ ক্ষুণ্ন করতে চান। এমনকি কোনো কোনো আইডি থেকে ভক্তদের কাছে ভুল তথ্যও ছড়ানো হচ্ছে। তাদের উদ্দেশে এই অভিনেতা বলেন, ‘আমার ভুয়া আইডির সঙ্গে কেউ যুক্ত থাকবেন না।’
আইকে/ টিএ