© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও পেছাল স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায়

শেয়ার করুন:
আবারও পেছাল স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪১ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার রায় ঘোষণা আবারও পিছিয়েছে।


আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে রায় ঘোষণার দিন ধার্য থাকলেও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার নতুন করে আগামী ২৯ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন।

বুধবার সকালে আসামি আব্দুর রহিম রনিকে আদালতে হাজির করা হয়। তবে নির্ধারিত দিনে রায় না দিয়ে আদালত নতুন তারিখ ঘোষণা করলে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর অদিতার মরদেহ উদ্ধার করা হয়। পরে তার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। মামলায় মোট ৪১ জন বাদীপক্ষ ও ৫ জন আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করা হয়েছিল।

নিহত তাসনিয়া হোসেন অদিতা ছিলেন নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা। তার বাবা মৃত রিয়াজ হোসেন এবং মা রাজিয়া সুলতানা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশি তদন্তে উঠে আসে, ঘটনার দিন অদিতাকে একা পেয়ে তার সাবেক গৃহশিক্ষক ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।

আদালত প্রাঙ্গণে অদিতার মা রাজিয়া সুলতানা বলেন, আমার মেয়েকে গলা কেটে ও হাতের রগ কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি খুনির ফাঁসি চাই এবং দ্রুত সেই রায় কার্যকর দেখতে চাই। আজ আমার মেয়ের বিচার হলে কাল অন্য মেয়েরা নিরাপদ থাকবে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত রায় প্রস্তুতির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবেন বলে আমরা প্রত্যাশা করছি।

এসকে/টিএ

মন্তব্য করুন