অনলাইন ক্লাস আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:৫৬ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে কেউ অনলাইন ক্লাস না চাইলেও বৈশ্বিক বাস্তবতার জন্য এই পথেই এগোতে হবে।
আজ (১৫ এপ্রিল) বুধবার সিলেটে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন পদ্ধতির সমন্বয় করা হচ্ছে। এ নিয়ে নানা মহলে সমালোচনা থাকলেও এটি সময়ের দাবি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি জানতে পেরেছেন যে, তৃণমূল পর্যায়ে কেউই অনলাইন ক্লাসের পক্ষে নয়। এমনকি ব্যক্তিগতভাবে তিনিও এটি চান না। তবে বিশ্ব পরিস্থিতির পরিবর্তন ও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে অনলাইন শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
একই সভায় শিক্ষামন্ত্রী দেশের কোচিং সেন্টারগুলোকে নির্দিষ্ট আইনের আওতায় আনার ঘোষণা দেন। তিনি জানান, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার ও প্রয়োজনীয় নীতিমালা তৈরির পরিকল্পনার কথাও ব্যক্ত করেন তিনি। কেন্দ্র সচিবদের দায়িত্ব পালনে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
আইকে/ টিএ