© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬ হাজার ৪৭৬ ‌‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ: সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

শেয়ার করুন:
লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬ হাজার ৪৭৬ ‌‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ: সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৫ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
মুক্তিযোদ্ধাদের গেজেট, লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে মোট ৬ হাজার ৪৭৬ জনের নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ তথ্য জানান।

মন্ত্রী জানান, অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে যারা ভুয়া তথ্য দিয়ে ভারতীয় তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছিলেন, তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রমের একটি পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে বর্তমান পর্যন্ত মোট ৮৪২টি অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে।

অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে ৪৮১ জনের গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা বাতিলের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ৬ হাজার ৪৭৬ জনকে তালিকাচ্যুত করা হয়েছে।

সংসদে মন্ত্রী আহমেদ আযম খান উল্লেখ করেন যে, জামুকার উপকমিটি প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে নিয়মিত তদন্ত ও শুনানি পরিচালনা করে। তদন্তে কেউ অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার সনদ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বাতিলের সুপারিশ করা হয়।

তিনি আরও বলেন, রংপুর-৪ আসনসহ দেশের যেকোনো প্রান্ত থেকে অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ পেলে একই প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। তালিকা স্বচ্ছ করার এই কাজ অব্যাহত থাকবে। মূলত ভারতীয় তালিকার অপব্যবহারকারীদের চিহ্ণিত করতেই এই বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এসকে/টিএ

মন্তব্য করুন