© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির সম্পর্কে কী জানা গেল?

শেয়ার করুন:
কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির সম্পর্কে কী জানা গেল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নেওয়া একজনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন আইডি, ফেসবুক পেজ থেকে ওই কৃষকের একাধিক ছবি পোস্ট করে প্রশ্ন তোলা হয়।

দাবি করা হয়, ওই কৃষক একজন ধনাঢ্য ব্যক্তি, দলীয় পরিচয়ে পেয়েছেন কৃষক কার্ড।

আলোচিত ওই ব্যক্তির নাম কবির হোসেন। দেশের একটি গণমাধ্যম খোঁজ নিয়ে জেনেছে, তার বাড়ি টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে। তিনি পেশায় আসলেই একজন কৃষক।

নিজের ফেসবুক পেজে বিভিন্ন ভিডিও কননেন্টও তৈরি করেন কবির হোসেন।

স্থানীরা জানান, কবির ১৯৯২ সালের এসএসসি পরীক্ষা দেন। তবে অকৃতকার্য হয়ে কর্মসংস্থানের জন্য বিদেশে চলে যান। প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন।

নিজে একটি সেচ মেশিন কিনেছেন, যার মাধ্যমে নিজের জমি এবং অন্যের জমিতে সেচ দিয়ে থাকেন। কৃষিকাজের পাশাপাশি কবির ফেসবুক পেজ পরিচালনা করেন। সেখানে ছবি-ভিডিও করে প্রচার করেন। সেই সুবাদে তিনি এলাকায় পরিচিত মুখ।

কৃষক কবির হোসেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন দাবি করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান।

তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘কবির হোসেন একজন কৃষক। সেচ মেশিন পরিচালনা করেন। ফেসবুকের মাধ্যমে তিনি এলাকায় সুপরিচিত। তার দলীয় পদ-পদবি নেই।'

কবিরের পাশের গ্রামের বাসিন্দা রিফাত ইসলাম বলেন, ‘কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন কাকার যে ছবিগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো এআই দিয়ে তৈরি। আর এই ছবিগুলো দেখে অনেকেই ভাবছেন তিনি অনেক ধনী মানুষ এবং কৃষক নন। তিনি আমার পাশের গ্রামের মানুষ, উনি নিজের কৃষিজমি চাষ করেন এবং কৃষিজমিতে পানি সেচ দেওয়ার একটা মেশিন চালান।’

গতকাল কৃষক কার্ড উদ্বোধন অনুষ্ঠানে কবির হোসেন বক্তৃতা দেন। তিনি বলেন, ‘এতদিন কৃষকদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি ছিল না। এই কার্ডের মাধ্যমে প্রথমবারের মতো তারা এই স্বীকৃতি পাচ্ছেন।’

এদিকে আলোচনা শুরু হওয়ার পর নিজের ফেসবুকে একাধিক ভিডিও প্রকাশ করেন কবির কৃষক। এসব ভিডিওতে নিজের কৃষিকাজের প্রমাণ দেন তিনি।

এক ভিডিওতে কবির হোসেন বলেন, ‘কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেওয়ায় আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন। সত্যিকার অর্থে আমি একজন কৃষক মানুষ। যারা আমাকে ভাইরাল করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

এমআর/টিএ 


মন্তব্য করুন