সাদিক কায়েমের নারীকে জড়িয়ে ধরার ছবিটি এআই সম্পাদিত
ছবি: সংগৃহীত
০৮:৫৮ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম ও এক নারী একজন অন্যজনকে জড়িয়ে ধরে আছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি এআই সম্পাদিত বলে জানিয়েছে ফ্যাক্ট চ্যাকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
প্রচারিত ছবিটিতে দেখা যায়, সাদিক কায়েম ও হিজাব পরিহিতা এক নারী একজন অন্যজনকে জড়িয়ে ধরেছেন।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হিজাব পরিহিতা নারীকে সাদিক কায়েমের জড়িয়ে ধরার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, সাদিক কায়েম ও ছবিতে দেখতে পাওয়া ওই নারীর একটি স্বাভাবিক ছবিকে এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো পর্যালোচনা করে ছবির নিচের ডানকোণে গুগলের এআই অ্যাসিটেন্ট জেমিনির লোগো দেখতে পাওয়া যায়। যা সাধারণত উল্লিখিত এআই প্রযুক্তি ব্যবহার করে কোনো ছবি তৈরি বা সম্পাদনা করে থাকলে সেগুলোতে ওয়াটারমার্ক হিসেবে উপস্থিত থাকে।
প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।
অর্থাৎ, হিজাব পরিহিতা নারীকে সাদিক কায়েমের জড়িয়ে ধরার ছবিটি আসল নয়।
পরবর্তীতে ছবিটির বিষয়ে অধিকতর অনুসন্ধানে Sumaiya Banna নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একইস্থানে একই পোশাকে সাদিক কায়েম ও আলোচিত ওই নারীর একটি স্বাভাবিক ছবি প্রচারিত হতে দেখা যায়। এছাড়াও তার প্রোফাইলে সাদিক কায়েমের কাছ থেকে উপহার পাওয়া আরেকটি ছবিও খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিতেও তাদের একইস্থানে একই পোশাকে দেখতে পাওয়া যায়। তবে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মতো অবস্থায় ধারণ করা কোনো ছবির সন্ধান পাওয়া যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, উক্ত ছবিগুলো ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এসকে/টিএ