© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৩ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫ ব্যারেল ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোমিনপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত শাহিনুর রহমান একই এলাকার তফেল আলীর ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য শাহিনুর রহমানের বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদের তথ্য পাওয়া যায়। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিজে/টিএ 

মন্তব্য করুন