‘বনানীতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী’
ছবি: সংগৃহীত
০৩:২০ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক একজন চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে টার দিকে বনানী ১২ নম্বর রোডের ৪৪ নম্বর ভবন পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আগুন লাগার খবরটা পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে নির্দেশ দেন, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ যত কম রাখা যায়। তিনি আমাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছেন, যাতে আমি কাজটা পর্যবেক্ষণ করে যেতে পারি।’
সানি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে একটি অ্যাম্বুলেন্সসহ পাঠিয়েছেন। যাতে হতাহতের কোনো ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসা দেয়া যায়।’
আগুনের পরিস্থিতি সম্পর্কে জানতে প্রধানমন্ত্রী কয়েকবার ফোন দিয়েছেন জানিয়ে সহকারী একান্ত সচিব বলেন, ‘ফায়ার সার্ভিস সঠিকভাবে কাজ করছে কি না, এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি করেছেন তিনি।’
আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে সানি বলেন, ‘আগুন লাগা ফ্লোরে যথাসম্ভব লোকজন নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ ওরকম নেই। কোনো মানুষ আহত হননি।’
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বহুতল ভবনটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পরপরই ভবন থেকে সবাই নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন। আগুন ভবনের অষ্টম এবং দশম তলায় ছড়িয়ে যায়। পরবর্তীতে রাত আটটা ১৫ মিনিটের পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনার কথা জানায় ফায়ার সার্ভিস।
ইউটি/টিএ