© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অধিবেশন চলাকালে ফোনে কথা ও ফ্লোর ক্রস, সতর্ক করলেন ডেপুটি স্পিকার

শেয়ার করুন:
অধিবেশন চলাকালে ফোনে কথা ও ফ্লোর ক্রস, সতর্ক করলেন ডেপুটি স্পিকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের মোবাইল ফোনে কথা বলা এবং স্পিকারের সঙ্গে কোনো সদস্যের কথা বলার সময় মাঝখান দিয়ে হেঁটে পার হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে সংসদকক্ষে এ পরিস্থিতির সৃষ্টি হলে ডেপুটি স্পিকার সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সতর্ক করেন।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্য থামিয়ে দিয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘আপনার (চিফ হুইপ) মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনেক সংসদ সদস্য সংসদের ভেতর থেকে ফোনে কথা বলছেন। আওয়াজ এই পর্যন্ত আসছে। যারা বক্তব্য রাখছেন বা শুনছেন, অন্যদের ক্ষেত্রে এটি ডিস্টার্ব হচ্ছে। আপনি যদি বিষয়টি একটু দেখতেন।’

চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে দাঁড়িয়ে বলেন, ‘আপনি (ডেপুটি স্পিকার) এ কথাটি বলেছেন এবং সবাই তা শুনেছেন। বিষয়টি মনে হয় এখানেই নিষ্পত্তি হতে পারে। মাননীয় সংসদ সদস্যদের অনুরোধ করছি, হাউসের ভেতর আর কেউ যেন ফোনে কথা না বলি। কথা বলতে হলে আমরা বাইরে গিয়ে বলব। আমরা কথা বলছি এবং সেই শব্দ স্পিকারের কান পর্যন্ত পৌঁছেছে, তাই আমাদের সচেষ্ট থাকতে হবে। আর একটি বিষয়, ফ্লোর ক্রস করা। স্পিকারের সঙ্গে কোনো সদস্য কথা বলার সময় তার মাঝখান দিয়ে কেউ আসা-যাওয়া করবেন না। রুলস অব প্রসিডিউর অনুযায়ী এটিই নিয়ম। যদি কেউ আসতে চান, তবে পেছন দিয়ে ঘুরে আসবেন। ফোনের ব্যাপারটিও মনে রাখবেন এবং হাউসের ভেতর কেউ ছবি তুলবেন না।’

এর আগে গত ১০ এপ্রিল সংসদীয় আচরণ (রুলস অব প্রসিডিউর) না মানায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সতর্ক করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেদিন স্পিকার বলেছিলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং শুনতে হবে। আর এখানে মৌখিক কথাবার্তার সুযোগ খুবই কম। নোটিশ দেবেন, সেই নোটিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

এসএস/এসএন

মন্তব্য করুন