© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়: ডিআইজি রেজাউল

শেয়ার করুন:
পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়: ডিআইজি রেজাউল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের ঘুষ, তদবির বা দালালচক্রের প্রভাব বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক। তিনি বলেন, “পুলিশে চাকরি পেতে টাকা লাগে- এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। জমিজমা বিক্রি করে বা ধার করে কোনো দালালের হাতে টাকা তুলে দেবেন না।

বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রেঞ্জ ডিআইজির বয়রাস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ ও মেধাভিত্তিক রাখতে পুলিশের জিরো টলারেন্স নীতির কথাও তুলে ধরেন তিনি।

মো. রেজাউল হক বলেন, নিয়োগ ঘিরে দালালদের তৎপরতা ঠেকাতে পুলিশের নিজস্ব গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেউ অর্থের বিনিময়ে চাকরি নেওয়ার চেষ্টা করলে এবং তা তিন বছরের মধ্যে প্রমাণিত হলে তার চাকরি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে প্রতারণার অভিযোগে কয়েকজন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম প্রার্থীদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, যোগ্যতা থাকলে এতিম ও অসহায় প্রার্থীরাই অগ্রাধিকার পাবে। তাদের জন্য কোনো তদবিরের প্রয়োজন নেই- মেধাই হবে একমাত্র যোগ্যতা।

এবারের নিয়োগে তীব্র প্রতিযোগিতার চিত্র তুলে ধরে ডিআইজি বলেন, খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় চার হাজার ৬৬৫ প্রার্থী আবেদন করেছেন। কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করা হবে।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা সাধারণ মানুষকে সচেতন করুন- পুলিশে চাকরিতে কোনো টাকা লাগে না। কোথাও অনিয়মের তথ্য পেলে দ্রুত আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

এ সময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেএন/এসএন

মন্তব্য করুন