হলিউডকে পেছনে ফেলে শীর্ষে ‘ইটস ওকে’ সিনেমা
ছবি: সংগৃহীত
১১:৩৬ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
চীনের বক্স অফিসে ধীরগতি-তবু এই মন্দার মধ্যেই বাজিমাত করেছে স্থানীয় সিনেমা ‘ইটস ওকে’। মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন, আবেগ আর বাস্তবতার গল্পে সমালোচক ও দর্শক দু’দিকেই এখন সমান সাড়া পেয়েছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহেই হলিউডকে পেছনে ফেলে শীর্ষে এই ছবির রাজত্ব।
আর্টিজান গেটওয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে ‘ইটস ওকে’ আয় করেছে ৩১ মিলিয়ন ইউয়ান, অর্থাৎ প্রায় ৪ দশমিক ৬ মিলিয়ন ডলার। সিনেমাটির মোট আয় এখন ১৮ দশমিক ৭ মিলিয়ন ডলার।
ইয়াঙ লিনা পরিচালিত ছবিটির গল্পে দেখা যায়, এক তরুণীর জীবনে হঠাৎ ফিরে আসেন তার অসুস্থ মা। চিকিৎসার সংকট আর পুরোনো দ্বন্দ্ব ঘিরে বদলে যায় মা-মেয়ের সম্পর্ক।

দেশটিতে দ্বিতীয় স্থানে রয়েছে হলিউডের ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। আর তৃতীয় স্থানে আছে ‘প্রজেক্ট হেইল মেরি’। আর নতুন মুক্তি পাওয়া হরর-থ্রিলার ‘দ্য কেইজড বাটারফ্লাই’ আছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে রোমান্টিক ড্রামা ‘নাউ আই মিট হার’।
তবে উদ্বেগের খবরও আছে। চলতি বছরে এখন পর্যন্ত চীনের মোট বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১ দশমিক ৮৪ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম। সব মিলিয়ে, স্থানীয় সিনেমা শীর্ষে উঠলেও চীনের চলচ্চিত্র বাজারে ধীরগতির ছাপ স্পষ্ট।
কেএন/এসএন