© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: ব্রিটিশ এমপি টিউলিপের মামলায় চার্জগঠন শুনানি ৬ মে

শেয়ার করুন:
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: ব্রিটিশ এমপি টিউলিপের মামলায় চার্জগঠন শুনানি ৬ মে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১০ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ মে নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ মামলাটির শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক ব্যস্ত থাকায় শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ মে নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ-৫ আদালতে বদলির নির্দেশ দেন।

গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন আদালত। ওইদিনই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট নেয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর একটি ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নেন এবং পরে রেজিস্ট্রি করেন।

মামলার পর চলতি বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার বিরুদ্ধে তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

কেএন/এসএন

মন্তব্য করুন