© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতা পড়ে শোনালেন চিফ হুইপ

শেয়ার করুন:
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতা পড়ে শোনালেন চিফ হুইপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪২ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম (মনি)। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের এক পর্যায়ে টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের মধ্যে প্রধানমন্ত্রীর নাম আসায় তাকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানান চিফ হুইপ।

এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্য সমর্থন করে উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা একটি কবিতা পাঠ করেন চিফ হুইপ। তবে কবিতাটি কার লেখা, তা তিনি উল্লেখ করেননি।

সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিফ হুইপ বলেন, ‘টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে আমাদের নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, প্রধানমন্ত্রী এই জাতিকে সম্মানিত করেছেন। তার জন্য আমি আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাঁকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি।’

নূরুল ইসলাম এরপর সরকারের দুই মাসে গৃহীত বিভিন্ন কর্মসূচির বর্ণনা তুলে ধরেন। তিনি বলেন, ১৭ বছর পর দেশে এসে তিনি মানুষের মধ্যে এ রকম আশা জাগিয়েছেন। মানুষের হাতের আঙুলের কালি শুকানোর আগেই তিনি তার কাজ বাস্তবায়ন শুরু করেছেন।

এরপরই সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি কবিতা আবৃত্তি করেন চিফ হুইপ। কবিতাটি হলো—

‘তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল,

নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল

কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।

তিনি এলেন, বললেন, খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ

বললেন, উই হ্যাভ আ প্ল্যান

তাঁর দৃঢ়তা ছিল পাহাড়ের মতো

কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মতো

বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে

এখন দূরদেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম

এই দেশের নাম, বাংলাদেশের নাম

নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা

আশা জাগিয়ে তোলা।’

চিফ হুইপের কবিতা আবৃত্তির পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘এই অর্জন আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।’

এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদ শুরুর প্রথম দিনেই সংসদের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে নিয়ে প্রখ্যাত কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এবি/টিএ

মন্তব্য করুন