© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিক্ততা ভুলে কঙ্গনার কণ্ঠে দীপিকার প্রশংসা!

শেয়ার করুন:
তিক্ততা ভুলে কঙ্গনার কণ্ঠে দীপিকার প্রশংসা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৪ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
বলিউডের দুই আলোচিত অভিনেত্রী কঙ্গনা রনৌত ও দীপিকা পাড়ুকোন এক সময় যাদের সম্পর্ক ছিল টানাপোড়েনে ভরা, সেই সমীকরণেই এবার দেখা গেল ভিন্ন চিত্র। পুরনো তিক্ততা ভুলে দীপিকার প্রশংসায় মুখ খুললেন কঙ্গনা, যা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে বিনোদন অঙ্গনে।

দু’জনেই বলিউডে বহিরাগত হিসেবে নিজেদের জায়গা তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ক কখনও বন্ধুত্বপূর্ণ, আবার কখনও বিতর্কে জড়ানো এভাবেই চলেছে। অতীতে বিভিন্ন ইস্যুতে কঙ্গনার কটাক্ষের মুখে পড়তে হয়েছে দীপিকাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সেই অবস্থান।

সম্প্রতি মা হওয়ার পর কাজের সময়সীমা নিয়ে একটি স্পষ্ট অবস্থান নিয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনি জানিয়ে দিয়েছেন, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই সিদ্ধান্ত ঘিরে যেমন সমালোচনা হয়েছে, তেমনই সমর্থনও পেয়েছেন তিনি। বেশ কিছু কাজের সুযোগ হাতছাড়া করেও নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন এই অভিনেত্রী।

এই প্রেক্ষাপটেই দীপিকার পাশে দাঁড়ালেন কঙ্গনা রনৌত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন মা হিসেবে দীপিকার এই দাবি একেবারেই অযৌক্তিক নয়। তাঁর মতে, মাতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের কাজের ভারসাম্য রক্ষা করতে চাইলে এই সীমা নির্ধারণ করতেই পারেন দীপিকা। কঙ্গনা আরও উল্লেখ করেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁরা অনেক বেশি সময় কাজ করেছেন, কারণ তখন নিজেদের প্রমাণ করার তাগিদ ছিল।



কঙ্গনার এই অবস্থান অনেককেই অবাক করেছে, কারণ অতীতে দীপিকার ব্যক্তিগত ও পেশাগত সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন তিনি। তবে এবার যেন অন্য এক সুর শোনা গেল তার কণ্ঠে, যেখানে প্রতিদ্বন্দ্বিতার বদলে জায়গা করে নিয়েছে সহমর্মিতা।

বলিউডে নারী তারকাদের কাজের পরিবেশ, সময়সীমা ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে যে আলোচনা দীর্ঘদিন ধরে চলছে, কঙ্গনার এই মন্তব্য সেই আলোচনাকে আরও এক ধাপ এগিয়ে দিল বলেই মনে করছেন অনেকে।

পিআর/টিএ

মন্তব্য করুন