© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপাকে সালমানের ‘মাতৃভূমি’, বাদ পড়ল চীন প্রসঙ্গ!

শেয়ার করুন:
বিপাকে সালমানের ‘মাতৃভূমি’, বাদ পড়ল চীন প্রসঙ্গ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৮ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
বলিউডের বহুল প্রতীক্ষিত দেশাত্মবোধক সিনেমা ‘মাতৃভূমি’ ঘিরে জটিলতা যেন কাটছেই না। সালমান খান অভিনীত এই ছবিকে কেন্দ্র করে একের পর এক বিতর্ক সামনে আসায় এখন প্রশ্ন উঠেছে, আদৌ নির্ধারিত সময়ে মুক্তির আলো দেখবে কি না এই সিনেমা।

প্রথমে ‘ব্যাটল অফ গালওয়ান’ নামে এই সিনেমার ঝলক প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। বাস্তবের গালওয়ান সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে চীনা সেনাবাহিনীর পরাজয়ের চিত্র তুলে ধরা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর পরেই চীনের তরফে আপত্তি জানানো হয়, এমনকি ছবিটিকে জাতীয়তাবাদ উসকানোর মাধ্যম বলেও কটাক্ষ করা হয়।

তবে শুধু আন্তর্জাতিক চাপই নয়, দেশের ভেতরেও তৈরি হয়েছে নতুন জটিলতা। কূটনৈতিক সম্পর্কের বিষয়টি মাথায় রেখে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক থেকে ছবির একাধিক অংশে আপত্তি তোলা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে ছবিতে চীন প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করার নির্দেশ দেওয়া হয় নির্মাতাদের।



এই নির্দেশের জেরেই বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হন পরিচালক অপূর্ব লাখিয়া। জানা গেছে, প্রায় চল্লিশ শতাংশ দৃশ্য নতুন করে ধারণ করতে হয়েছে। মূল কাহিনিতে যেখানে গালওয়ান সংঘর্ষ ছিল কেন্দ্রীয় বিষয়, সেখানে এখন অনেকটাই কাল্পনিক উপাদান যোগ করা হয়েছে। এমনকি নতুন সংস্করণে গান ও রোমান্টিক দৃশ্যও যুক্ত করা হয়েছে, যেখানে চীনের উল্লেখ সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে।

নির্মাতারা ইতিমধ্যেই সংশোধিত সংস্করণ জমা দিয়েছেন ছাড়পত্রের জন্য। তবে এখনও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে সবুজ সংকেত মেলেনি বলেই খবর। ফলে নির্ধারিত মুক্তির তারিখ সামনে থাকলেও অনিশ্চয়তা কাটছে না।

এরই মধ্যে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিনে মহলে। সামনে নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন সালমান খান। ফলে ‘মাতৃভূমি’র জন্য আবারও শুটিংয়ের প্রয়োজন হলে সময় মেলানো কঠিন হয়ে পড়তে পারে।

উল্লেখ্য, এই সিনেমায় গালওয়ান সংঘর্ষে নেতৃত্ব দেওয়া এক সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন সালমান খান। চরিত্রটির জন্য তিনি বিশেষ প্রস্তুতিও নিয়েছেন। কঠোর শারীরিক অনুশীলন থেকে শুরু করে খাদ্যাভ্যাসে পরিবর্তন সবকিছুই করেছেন নিখুঁতভাবে চরিত্রে ঢোকার জন্য।

সব মিলিয়ে বহু প্রতীক্ষার পর তৈরি হওয়া এই সিনেমা এখন নানা জটিলতায় আটকে। শেষ পর্যন্ত দর্শকের সামনে কবে এবং কীভাবে ‘মাতৃভূমি’ আসবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

পিআর/টিএ

মন্তব্য করুন