সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কঙ্গনা রনৌত!
ছবি: সংগৃহীত
০৯:৪০ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
বলিউডের পাশাপাশি রাজনৈতিক মহলেও পরিচিত মুখ কঙ্গনা রনৌত আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে। এবার তার নাম জড়িয়েছে সহকর্মী ও সাংসদ চিরাগ পাসোয়ান-এর সঙ্গে সম্পর্কের গুঞ্জনে। তবে দীর্ঘদিনের সেই জল্পনা এবার সরাসরি উড়িয়ে দিলেন অভিনেত্রী নিজেই।
প্রায় এক দশকেরও বেশি সময় আগে ‘মিলে না মিলে হম’ নামের একটি চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা ও চিরাগ। সেই সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরবর্তীতে রাজনৈতিক পরিসরে দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়। সংসদ ভবনের ভেতর ও বাইরে তাঁদের কথোপকথন এবং একসঙ্গে ছবি তোলার মুহূর্তও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই সব ঘটনাকে কেন্দ্র করেই গুঞ্জন ওঠে, ব্যক্তিগত জীবনে নানা অভিজ্ঞতার পর কঙ্গনা নাকি চিরাগের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তবে এসব দাবিকে ভিত্তিহীন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, তাঁর ও চিরাগ পাসোয়ানের মধ্যে কোনো ধরনের প্রেমের সম্পর্ক ছিল না, তাঁরা কেবলই ভালো বন্ধু। অতীতের একটি চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার সূত্রেই তাদের পরিচয়। সম্পর্ক নিয়ে ছড়ানো সব গুজবই তিনি অস্বীকার করেছেন।
তিনি আরও বলেন, সম্পর্ক নিয়ে যেসব অতিরঞ্জিত কথা ছড়িয়েছে, তা বাস্তবের সঙ্গে কোনোভাবেই মেলে না। তার ভাষায়, যদি সত্যিই এমন কিছু থাকত, তবে তা এত দিনে অনেক দূর গড়াত।
অতীতের বিতর্ক ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বারবার আলোচনায় আসলেও কঙ্গনা বরাবরই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। রাজনৈতিক জীবন ও অভিনয় দুই ক্ষেত্রেই এখন সক্রিয় এই অভিনেত্রী বারবার গুঞ্জন উড়িয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন।
সব মিলিয়ে কঙ্গনা ও চিরাগের সম্পর্ক নিয়ে যে দীর্ঘদিনের জল্পনা চলছিল, তা এবার আনুষ্ঠানিকভাবেই খারিজ হয়ে গেল বলেই মনে করছেন অনেকে।
পিআর/টিএ