তীব্র সমালোচনার মুখে জাস্টিন বিবার
ছবি: সংগৃহীত
০৪:১৬ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
বেশ কয়েক বছর পর কোচেলা ফেস্টিভ্যাল দিয়ে মঞ্চে ফিরে ভক্তদের রীতিমত হতাশ করেছেন কানাডার পপ সংগীতশিল্পী জাস্টিন বিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবারকে সামলাতে হচ্ছে তীব্র সমালোচনা। কোচেলার ইতিহাসে সবচেয়ে বেশি ১০ মিলিয়ন ডলার পারিশ্রমিকও নিয়েছেন এই পপ তারকা।
লাইফস্টাইল কোম্পানি ম্যান্ডেটরি তাদের ওয়েবসাইটে লিখেছে, কোচেলায় বিবারের ফিরে আসা ও উচ্চ পারিশ্রমিকের খবর ছড়িয়ে পড়ায় তার পারফরম্যান্সে ঘিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে, মঞ্চে আসার পর ভক্তদের চরম হতাশ করেছেন তিনি।
কোচেলা ফেস্টের মঞ্চে হুডি ও শর্টস পরে ওঠেন বিবার। চেয়ারে বসে সামনের টেবিলে রাখা ম্যাকবুকে নিজের ইউটিউব চ্যানেল থেকে বেছে বেছে গান বের করে সেগুলো গাচ্ছিলেন বিবার। এ সময় পেছনের বড় পর্দায় দেখানো হচ্ছিলো বিবারের ওই গানের মিউজিক ভিডিও। পুরো বিষয়টিকে ‘প্রতারণা’ হিসেবেই দেখছেন ভক্তরা।

প্রিয় তারকার কাছ থেকে আরও জমজমাট পারফরম্যান্স ও চোখ ধাঁধানো পরিবেশনা প্রত্যাশা করছিলেন তারা। কোচেলা ফেস্ট সাধারণত তারকাদের ‘ওভার দ্য টপ’ পারফরম্যান্সের কারণে ভক্তদের কাছে সমাদৃত। যে কারণে বিবারের এমন সাদামাটা উপস্থিতি মেনে নিতে পারেননি অনেকেই।
অরোরা নামে এক ভক্ত এক্সে লেখেন, ‘এটাকে কোনো ভাষাতেই ভালো বলার উপায় নেই। একেবারে অপেশাদার।’ আরেকজন লিখেছেন, ‘ব্রো কোচেলাকে লিভিং রুম সেশন বানিয়ে ফেলেছে! আর লাইভ পারফরম্যান্সে কন্ট্রোল+সি ও কন্ট্রোল+ভি দিয়েই চালাচ্ছে।’ আরেকজন লিখেছেন, জাস্টিন বিবার আসলে কী করতে চাচ্ছেন? এই ফালতু কাজ করার জন্য তাকে সর্বোচ্চ পারিশ্রমিক দেয়া হয়েছে? অনেকেই তার এই পারফরম্যান্সকে সরাসরি ‘আবর্জনা’ হিসেবে বর্ণনা করেছেন।
গত ১০ থেকে ১২ এপ্রিল হয়েছে কোচেলার প্রথম পর্ব। আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল হবে এই দ্বিতীয় পর্ব। ১১ তারিখ পারফর্ম করেছেন বিবার। ফের মঞ্চে উঠবেন ১৮ তারিখ।
আইকে/টিএ