© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে গোয়েন্দা সংস্থার সদস্যদের গোপন নজরদারিতে ধরা পড়ল দুই মজুতদার

শেয়ার করুন:
বরিশালে গোয়েন্দা সংস্থার সদস্যদের গোপন নজরদারিতে ধরা পড়ল দুই মজুতদার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৯ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
বরিশাল মহানগরীর বাজার রোড এলাকায় অবৈধভাবে ১৪০ ব্যারেল ভোজ্য তেল ও প্রায় ১৪ টন চিনি মজুদের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিন'র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।


অভিযানে “মেসার্স মোল্লা ব্রাদার্স”-এর মালিক শুক্কুর মোল্লাকে মজুদের লাইসেন্স ছাড়া নিজ গুদামে অবৈধভাবে ৯০ ব্যারেল ভোজ্য তেল সংরক্ষণের দায়ে কৃষি বিপণন আইন ২০০৮ অনুযায়ী ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় “মেসার্স আবির ব্রাদার্স”-এর মালিক সন্তোষ মিত্রকে খুচরা লাইসেন্স নিয়ে নিজ বাসার গুদামে অবৈধভাবে ৫০ ব্যারেল ভোজ্য তেল ও ১৩ দশমিক ৭৫ টন চিনি মজুদ করার অপরাধে একই আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দ না করে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ১৫ দিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যথাযথ লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের পর লাইসেন্স ছাড়া পণ্য পাওয়া গেলে মালামাল জব্দসহ কারাদণ্ডের বিষয়ে সতর্ক করা হয়েছে।

এনএসআই সদস্যরা জানান, প্রতিষ্ঠানগুলোর ওপর দীর্ঘদিন ধরে গোপন নজরদারি চালানো হচ্ছিল। পরে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় জেলা এনএসআই ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

টিজে/টিএ

মন্তব্য করুন