পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি
ছবি: সংগৃহীত
১০:১০ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
পার্লামেন্টের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করে রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক আলোচনার অভাব রয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
শুক্রবার সকালে নিজস্ব ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন তিনি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম মাওলা রনি বলেন, বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে পরীক্ষামূলক প্রকল্প নয়, বরং দ্রুত ফলদায়ক ও জনগণের আস্থা অর্জনকারী পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি জাতীয় ঐক্য, ব্যয় সংকোচন, সঞ্চয় বৃদ্ধি এবং কর আদায়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণ আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে এবং ভবিষ্যতে সরকারের কার্যক্রম মূল্যায়নে তারা আরো কঠোর হবে। ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে গোলাম মাওলা রনি বলেন, আমার বক্তব্য ‘নির্মম মনে হলেও বাস্তবতার নিরিখে গুরুত্বপূর্ণ।’
ওই ইউটিউব চ্যানেলে গোলাম মাওলা রনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এলেও এর পেছনে শুধু দলীয় নেতাকর্মীদের অবদান নয়, বরং সাধারণ জনগণের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের চেয়ে সাম্প্রতিক সময়ের স্বল্পমেয়াদি কিন্তু ঝুঁকিপূর্ণ অংশগ্রহণই পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
তিনি আরো দাবি করেন, আন্দোলনের সময় অধিকাংশ রাজনৈতিক নেতা রাজপথে সক্রিয় ছিলেন না; বরং তরুণ ও সাধারণ জনগণই বড় ভূমিকা পালন করেছেন। এ প্রসঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর আত্মসমালোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন গোলাম মাওলা রনি। বিশেষ করে বিভিন্ন ধরনের ‘কার্ডভিত্তিক’ উদ্যোগ- যেমন ফ্যামিলি কার্ড, শিক্ষা কার্ড, স্বাস্থ্য কার্ড- নিয়ে তিনি সমালোচনা করে বলেন, এসব প্রকল্প বাস্তবসম্মত নয় এবং এতে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয়ের ঝুঁকি রয়েছে।
এ ছাড়া দেশে চাঁদাবাজি, সহিংসতা ও সামাজিক অস্থিরতা বৃদ্ধির অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, এসব সমস্যার জন্য আন্তর্জাতিক পরিস্থিতিকে দায়ী করা কতটা যৌক্তিক। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে হামলার ঘটনাও তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
আরআই/এসএন