ইবি শিক্ষিকা হত্যা মামলায় সেই কর্মচারী দুই দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত
০২:৫০ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় প্রধান আসামি ফজলুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুষ্টিয়া আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সাইদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুষ্টিয়ার আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকিটা আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে। জানা যায়, প্রধান আসামি ফজলুকে গ্রেপ্তার দেখানোর পরেপরেই সাত দিনের জন্য সময় চাওয়া হয়েছিল। পরবর্তীতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুইদিন চ্যালেঞ্জ নিয়ে দ্রুত জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে। জিজ্ঞাসাবাদের পরে আসল ঘটনা জানা যাবে।
প্রসঙ্গত, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতে নিহত হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় ৫ মার্চ ইবি থানায় বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান।
পরে পুলিশ অভিযুক্ত ফজলুর রহমানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হত্যা মামলার প্রধান আসামি ফজলু রহমানের চিকিৎসা শেষে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়। বাকি তিন আসামি এখনো অধরা রয়েছে।
এসএস/এসএন