অভিনেতা ইথান জেমিসন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৬:৩৭ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হামলার অভিযোগে গ্রেপ্তার হলেন জনপ্রিয় সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস’-এর মাধ্যমে তারকা খ্যাতি লাভ করা হলিউড অভিনেতা ইথান জেমিসন। গত ৮ এপ্রিল গ্রেপ্তার করা হয়েছে তাকে।
গত ১৫ এপ্রিল প্রকাশিত মার্কিন ম্যাগাজিন পিপল এক প্রতিবেদনে জানিয়েছে, ইথানকে গ্রেপ্তারের ঘটনায় আদালতের যাবতীয় নথি পেয়েছে সংবাদমাধ্যমটি। নথি অনুযায়ী, তার বিরুদ্ধে প্রাণনাশের উদ্দেশ্যে মারাত্মক অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে।
নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রাজধানী র্যালির পুলিশ বিভাগ জানিয়েছে, গত ২২ মার্চ স্থানীয় সময় রাত ৯টা ৫২ মিনিটে প্রথমে গুলির খবর পায় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানতে পারে, একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ই-বাইকে এসে তাদের চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন গাড়িটিতে তিনজন আরোহী ছিলেন।

তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয়, গুলি ছোড়া ব্যক্তিটি অভিনেতা ইথান ছিলেন। তার বিরুদ্ধে ৯ মিলিমিটারের একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে।
আদালতের নথিতে ভুক্তভোগীদের ই. এফ., জে. এম. এবং কে. ডব্লিউ. হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ৯ এপ্রিল আদালত হলিউড তারকার জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ এপ্রিল।
এর আগে গত দেড় বছরের মধ্যে এটি তার দ্বিতীয়বার গ্রেপ্তারের ঘটনা। এর আগে ২০২৫ সালের মার্চে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। চাঞ্চল্যকর বিষয় হলো, সাম্প্রতিক এ ঘটনার মাত্র তিনদিন পর গত ২৬ মার্চ আগের অপরাধের জন্য দণ্ড প্রদান করা হয় তাকে।
প্রসঙ্গত, ‘দ্য হাঙ্গার গেমস’ সিনেমায় ‘ডিস্ট্রিক্ট ৪’-এর প্রতিনিধি হিসেবে অভিনয়ের জন্য দর্শকমহলে ব্যাপক পরিচিত ইথান জেমিসন।
পিআর/টিএ