১০ মাস ধরে গ্যাস সংযোগ বন্ধ, মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
০৬:৫৩ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
সাভারের আমিনবাজার এলাকায় ১০ মাস ধরে বন্ধ থাকা গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। প্রায় আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় গ্রাহকরা এ বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ অংশ নেওয়া কয়েকজন জানান, এলাকায় তিতাসের সংযোগ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় ১০ মাস আগে বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে আমিনবাজার ও আশপাশের এলাকার অন্তত ৭০ হাজার মানুষ গ্যাসের জন্য চরম দুর্ভোগে পড়েছেন। বিক্ষোভকারীর বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগ দেওয়ার জন্য আবেদন করার পর কর্তৃপক্ষ সংস্কারের জন্য টেন্ডার দিলেও সড়ক ও জনপথ বিভাগের অনুমতি না পাওয়ায় সে কাজ শুরু করা যায়নি। এছাড়া বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তাই বাধ্য হয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তার হুঁশিয়ারি দিয়ে বলেন, ১০ মাস ধরে গ্যাস সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গ্যাসের অভাবে প্রায় ৭০ হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছেন। যদি আগামী সাতদিনের মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমিনবাজারের লোকজন এমন আন্দোলন গড়ে তুলবে যাতে গ্যাস সংযোগ দিতে বাধ্য হবে।
এবি/টিএ