‘রামায়ণ’ নিয়ে মন্তব্য করায় আইনি বিপাকে প্রকাশ রাজ!
ছবি: সংগৃহীত
০৯:০৯ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
ধর্মীয় আখ্যান নিয়ে ভিন্ন ব্যাখ্যা কখনও কখনও বড় বিতর্কের জন্ম দেয়। ঠিক তেমনই এক মন্তব্য করে এবার আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা প্রকাশ রাজ। ‘রামায়ণ’ প্রসঙ্গে তার একটি বক্তব্য ঘিরে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
ঘটনার সূত্রপাত জানুয়ারি মাসে। কেরলের এক সাহিত্য উৎসবে অংশ নিয়ে প্রকাশ রাজ শিশুদের একটি নাটকের প্রসঙ্গ টেনে আনেন। সেই নাটকের কাহিনি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সেখানে দেখানো হয়েছিল রাম ও লক্ষ্মণ রাবণের বাগান থেকে ফল খাচ্ছেন। পরে রাবণ এসে তাদের খেতে দেন এবং ফলের দাম চাওয়ার প্রসঙ্গও ওঠে। এমনকি সেই কাহিনিতে অর্থের বিনিময় না থাকায় রাম-লক্ষ্মণকে গাছ লাগানোর কথাও বলা হয়।

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। অনেকের দাবি, এই ধরনের বক্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই এক আইনজীবী আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, অভিনেতা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এমন মন্তব্য করেছেন, যা মানুষের অনুভূতিকে আঘাত করেছে।
তবে এখনও পর্যন্ত এই বিতর্ক নিয়ে প্রকাশ রাজ বা তার টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর মধ্যেই সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। একাংশের মতে, এটি একটি সৃজনশীল ব্যাখ্যা মাত্র, আবার অন্যদের মতে, এমন বক্তব্য অশোভন।
এই বিতর্কের জেরে অভিনেতাকে ঘিরে মতভেদ আরও স্পষ্ট হয়ে উঠেছে। কেউ তার সমালোচনায় সরব, কেউ আবার তার বক্তব্যের পক্ষে দাঁড়িয়েছেন। এমনকি কিছু মহল থেকে তাকে নিষিদ্ধ করার দাবিও উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, শিগগিরই একটি বড় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রকাশ রাজকে। তবে এই বিতর্ক তার সেই কাজের উপর কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।
পিআর/টিএ