হজযাত্রা নির্বিঘ্ন করবে সরকার, অনিয়ম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৩:২৮ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, অতীতের যেকোনও সময়ের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনা অনেক সুন্দর হয়েছে।হজযাত্রীদের যাত্রা আরও নির্বিঘ্ন করতে সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ নিয়ে কোনও ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধনের আগে আশকোনা হজ ক্যাম্পে প্রধানমন্ত্রীর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে হজ ক্যাম্প ও বিমানে গিয়ে হজযাত্রীদের খোঁজখবর নিয়েছেন এবং হজ ব্যবস্থাপনায় কোনও ধরনের অনিয়ম যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মন্ত্রী বলেন, “বিমান ও হজ ক্যাম্পের প্রতিটি বিভাগ অত্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছে।” প্রধানমন্ত্রী বিমানে ও ক্যাম্পে যাত্রীদের খোঁজ নিয়েছেন বলেও জানান মন্ত্রী।
এবারের হজের বিশেষ সুবিধার কথা উল্লেখ করে কায়কোবাদ বলেন, “গত বছরের তুলনায় এ বছর হজের টিকিটের দাম জনপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে, যা হজযাত্রীদের জন্য বড় একটি স্বস্তি। আজ প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।”
এমআর/টিএ