© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহ আমানতে দুই দিনে আরও ৯ ফ্লাইট বাতিল

শেয়ার করুন:
শাহ আমানতে দুই দিনে আরও ৯ ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৪ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অনেকটা স্বাভাবিক হলেও কিছু কিছু ফ্লাইট এখনো ধারাবাহিকভাবে বাতিল হচ্ছে। বৃহস্পতি ও শুক্রবার (১৬ ও ১৭ এপ্রিল) দুই দিনে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত মোট নয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, এই দুই দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি ফ্লাইট বাতিল হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ রুটের দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট এবং সালামএয়ারের মাস্কাট থেকে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়।

তবে একই সময়ে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১২টি এবং বহির্গামী ১১টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়েছে। এতে যাত্রী চলাচলে আগের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র আরও জানায়, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলের স্থবিরতা অনেকটাই কেটে গেলেও চট্টগ্রাম-দোহা রুটে এখনো ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে আজ পর্যন্ত মোট ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সর্বশেষ দুই দিনেই বাতিল হয়েছে নয়টি ফ্লাইট।

কেএন/টিএ

মন্তব্য করুন