১৭ এপ্রিলকে প্রাপ্য মর্যাদা দেওয়ার আহ্বান আনিস আলমগীরের
ছবি: সংগৃহীত
০৮:২৩ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
১৭ এপ্রিলকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া-এটা শুধু সরকারের নয়, আমাদের সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
আনিস আলমগীরের পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
১৭ এপ্রিল- বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে মুজিবনগরে গঠিত হয়েছিল আমাদের প্রথম সরকার, যে সরকার মুক্তিযুদ্ধকে একটি সুসংগঠিত, রাষ্ট্রিক ও আন্তর্জাতিক রূপ দিয়েছিল।
স্বাধীনতার ঘোষণা ছিল ২৬ মার্চ, কিন্তু সেই ঘোষণাকে কার্যকর রাষ্ট্র কাঠামোয় রূপ দিয়েছিল ১৭ এপ্রিল। এই দিনটি না থাকলে আমাদের মুক্তিযুদ্ধের কূটনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক ভিত্তি এত দৃঢ় হতো কি না- সেটা ভেবে দেখার বিষয়।
কিন্তু দুঃখের বিষয়, জাতি হিসেবে আমরা এই দিনটির যথাযথ মর্যাদা দিতে পারিনি। রাষ্ট্রীয়ভাবে কিছু আনুষ্ঠানিকতা থাকলেও, মানুষের মনে বা জাতীয় চেতনায় ১৭ এপ্রিল তার প্রাপ্য স্থান পায়নি।
যে দিনটি আমাদের রাষ্ট্রের জন্মের সংগঠিত ভিত্তি, সেই দিনটি আজও যেন কিছুটা নীরব, কিছুটা অবহেলিত।
তারপরও কিছু লোক তর্ক করবে যে ২৪ এসেছিল ৭১ কে ভুলিয়ে দেওয়ার জন্য নয়! ২৪ দিয়ে ৭১ কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না।
ইতিহাসকে সম্মান না করলে ইতিহাসও একদিন আমাদের ভুলে যায়। ১৭ এপ্রিলকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া- এটা শুধু সরকারের নয়, আমাদের সবার দায়িত্ব।
কেএন/টিএ