© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রবীন্দ্রসঙ্গীতকে 'রবিশঙ্কর' বলায় অমিত শাহকে কটাক্ষ ঋত্বিকের

শেয়ার করুন:
রবীন্দ্রসঙ্গীতকে 'রবিশঙ্কর' বলায় অমিত শাহকে কটাক্ষ ঋত্বিকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৫ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
ভোটের গরমে আরও চড়ছে বিতর্কের পারদ। রাজনৈতিক মঞ্চে জ্বালাময়ী ভাষণের মাঝেই মাঝে ‘আলটপকা’ মন্তব্য ঘিরে তৈরি হচ্ছে নতুন নতুন ট্রোল, মিম আর সমালোচনা। আর সেই তালিকায় এবার যুক্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বীরভূমের বোলপুরে এক নির্বাচনী সভায় বাংলার সংস্কৃতি নিয়ে বলতে গিয়ে গুলিয়ে ফেলেন একাধিক নাম। ‘রবীন্দ্রসঙ্গীত’ বলতে গিয়ে ‘রবিশঙ্কর’ বলে ফেলেন, আবার সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামও ভুল উচ্চারণ করেন। এই বক্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল ট্রোলিং।

এই ঘটনাকে কেন্দ্র করেই কটাক্ষ করেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “দেখলাম, ভাই অমিত বলে একজন মন্ত্রী… রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, সাহানা বাজপেয়ী নিয়ে জোক বলতে গিয়ে পুরো লেবড়ে গেছে।” অভিনেতার এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়।



তবে এখানেই থামেনি আলোচনা। ঋত্বিকের পোস্টের কমেন্ট বক্সেও শুরু হয় বাক্যযুদ্ধ। এক নেটিজেন ‘সতীদাহ প্রথা’ প্রসঙ্গ তুললে, অভিনেতা পাল্টা জবাবে লেখেন, “ওরা একই স্কুলের ছাত্র, কেউ সিনিয়র কেউ জুনিয়র।”

প্রসঙ্গত, এর আগেও এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সতীদাহ প্রথা নিয়ে মন্তব্য করতে গিয়ে বিভ্রান্তিকর কথা বলেন, যা নিয়েও সমালোচনা হয়েছিল।

সব মিলিয়ে, ভোটের আবহে রাজনীতি যেমন উত্তপ্ত, তেমনই নেতাদের বক্তব্য ঘিরে তৈরি হওয়া এইসব বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া। আর সেই স্রোতেই একের পর এক প্রতিক্রিয়া, কটাক্ষ আর পাল্টা কটাক্ষে জমে উঠেছে নেটদুনিয়া।

এসএ/টিএ

মন্তব্য করুন