© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টানা পাঁচ বছর স্পটিফাই পাকিস্তানের শীর্ষ শিল্পী তালহা আনজুম

শেয়ার করুন:
টানা পাঁচ বছর স্পটিফাই পাকিস্তানের শীর্ষ শিল্পী তালহা আনজুম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৩ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
পাকিস্তানের জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সাম্প্রতিক প্রকাশিত পাঁচ বছরের ‘রিওয়াইন্ড’ তালিকায় টানা পঞ্চমবারের মতো দেশটির সর্বাধিক স্ট্রিম হওয়া শিল্পী হিসেবে শীর্ষে অবস্থান করছেন হিপ-হপ তারকা তালহা আনজুম। এ অর্জন পাকিস্তানের সংগীতধারায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত, যেখানে স্বাধীন হিপ-হপ ধারা মূলধারায় শক্ত অবস্থান তৈরি করেছে।

সম্প্রতি স্পটিফাই পাকিস্তান তাদের ইনস্টাগ্রাম পোস্টে শীর্ষ শিল্পীদের তালিকা প্রকাশ করে। সেখানে তালহা আনজুমের পর রয়েছেন আতিফ আসলাম, উমাইর, হাসান রহিম, নুসরাত ফতেহ আলি খান, তালহা ইউনুস, রাহাত ফতেহ আলি খান, আবদুল হান্নান, মানু এবং আসিম আজহার।

‘ইয়াং স্টানার্স’ ব্যান্ডের একজন সদস্য হিসেবে তালহা ইউনুসের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন আনজুম। তার গানে তীক্ষ্ণ কথনশৈলীর পাশাপাশি পরিচয়, উচ্চাকাঙ্ক্ষা ও সামাজিক বাস্তবতার প্রতিফলন দেখা যায়। ‘গুমান’, ‘আফসানায়’, ‘বাজ’, ‘ডাউনার্স অ্যাট ডাস্ক’ এবং ‘লাম’-এ ধরনের গান তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। চলতি বছর তিনি ‘২এএম ইন লন্ডন’ শিরোনামে নতুন একটি সিঙ্গেলও প্রকাশ করেন।



স্পটিফাইয়ের এ পাঁচ বছরের পর্যালোচনায় দেখা গেছে, গত এক বছরে ১৪০ জনের বেশি পাকিস্তানি শিল্পীর গান ব্যাপকভাবে স্ট্রিম হয়েছে এবং সংগীতশিল্পীদের নিয়ে বড় ধরনের সম্পৃক্ততাও তৈরি হয়েছে।

পরিসংখ্যান বলছে, আতিফ আসলামের মতো মূলধারার পপ শিল্পী এবং নুসরাত ও রাহাত ফতেহ আলি খানের মতো কিংবদন্তিরা এখনো বিপুল শ্রোতাপ্রিয়তা ধরে রেখেছেন। তবে তালহা আনজুম প্রতিনিধিত্ব করছেন নতুন এক প্রজন্মকে, যারা ডিজিটাল প্ল্যাটফর্ম ও তরুণদের সংস্কৃতিনির্ভর সংগীতে এগিয়ে যাচ্ছে।

এছাড়া গত পাঁচ বছরে পাকিস্তানের জনপ্রিয় গানের তালিকাও প্রকাশ করেছে স্পটিফাই। সেখানে ‘ঝোল’, ‘পাল পাল’, ‘উইশেস’, ‘বিখরা’, ‘মান্দ’, ‘তু হ্যায় কাহাঁ’, ‘ইরাদায়’, ‘কাহানি শুনো’, ‘নাহি মিলতা’ এবং ‘পাসুরি’ উল্লেখযোগ্য। এসব গান পাকিস্তানের সাম্প্রতিক সংগীতধারা ও বৈশ্বিক স্ট্রিমিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কেএন/টিএ

মন্তব্য করুন