© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার বিএনপির মনোনয়ন নিলেন অভিনেত্রী চমক

শেয়ার করুন:
এবার বিএনপির মনোনয়ন নিলেন অভিনেত্রী চমক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৪ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সরব থাকা পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন বলে একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেলে দলটির মনোনয়ন বোর্ডের সামনে হাজির হন চমক। রাজনীতিতে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে।’

সাক্ষাৎকার শেষে বের হয়ে নিজের আশাবাদের কথা জানান চমক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।’



দলীয় সূত্রে জানা গেছে, চমকের মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলতে নারাজ তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, দলীয় সিদ্ধান্ত তিনি ইতিবাচকভাবেই মেনে নেবেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই নতুন পথচলা নিয়ে একটি পোস্ট দিয়েছেন এই আলোচিত মুখ। সেখানে তিনি লেখেন, ‘নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’

গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে বেশ সক্রিয় অবস্থানে দেখা গিয়েছিল তাকে। সেই আন্দোলনের প্রেক্ষাপট থেকেই এবার সরাসরি সংসদ সদস্য হওয়ার দৌড়ে শামিল হলেন রুকাইয়া জাহান চমক। শেষ পর্যন্ত বিএনপি থেকে তিনি চূড়ান্ত সবুজ সংকেত পান কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

কেএন/টিএ

মন্তব্য করুন