© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জনজীবনে সংকট নেমে এসেছে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জনজীবনে সংকট নেমে এসেছে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৯ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং এর ফলে জনজীবনে এক ধরনের সংকট তৈরি হয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, খুব দ্রুতই এই পরিস্থিতির উন্নতি ঘটবে।

আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলার সার্কিট হাউজে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন একটি সহনশীল ও ইতিবাচক সম্পর্ক বিরাজ করছে, যার ফলে দীর্ঘ সময় পর সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। দুই মাস আগে অনুষ্ঠিত হওয়া সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি জানান, জনগণের প্রত্যাশা ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাবে।

মহান মুক্তিযুদ্ধের ত্যাগের কথা স্মরণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ দেশের মানুষ অসীম ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করলেও অর্থনৈতিক উন্নয়নের পথ এখনো সম্পূর্ণ হয়নি। এর ওপর আন্তর্জাতিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

বিএনপিকে ভোট দিয়ে জনগণ যে প্রত্যাশা ব্যক্ত করেছে, সরকার তা পূরণে বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। সরকার মাত্র দুই মাস দায়িত্ব গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার এবং জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

এমআই/টিএ

মন্তব্য করুন