অক্ষয়ের সঙ্গে ‘টম অ্যান্ড জেরি’র মতো অ্যাকশন ছবি করতে চান রাজপাল যাদব!
ছবি: সংগৃহীত
০৫:০৯ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
বলিউডের পর্দায় হাসির ঝড় তোলা অভিনেতা রাজপাল যাদব আবারও আলোচনায়। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কাটিয়ে নতুন করে কাজে মন দিয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া নতুন ছবি ঘিরে প্রচারে গিয়ে নিজের এক ভিন্ন ইচ্ছার কথা জানালেন এই অভিনেতা, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন রাজপাল যাদব। এর আগে ‘ভুলভুলাইয়া’ ছবিতেও এই জুটির রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। তবে এবার শুধুই হাস্যরস নয়, একেবারে ভিন্ন ধারার কিছু করতে চান রাজপাল।
এক সাক্ষাৎকারে তিনি জানান, অক্ষয় কুমারের সঙ্গে একটি পূর্ণাঙ্গ অ্যাকশনধর্মী ছবি করার স্বপ্ন দেখছেন তিনি। সেই ছবির ধরণও হতে হবে একেবারে ব্যতিক্রমী। তার কথায়, জনপ্রিয় কার্টুন চরিত্র টম ও জেরির মতো সম্পর্কই নাকি বাস্তবেও রয়েছে তাঁদের মধ্যে। পরিচালক প্রিয়দর্শন নাকি মজার ছলে অক্ষয়কে ‘টম’ আর রাজপালকে ‘জেরি’ বলে ডাকেন।
এই প্রসঙ্গে রাজপাল বলেন, সুযোগ পেলে তারা এমন একটি অ্যাকশন ছবি করতে চান, যেখানে টম ও জেরির মতো দৌড়ঝাঁপ, ধাওয়া-পাল্টা ধাওয়া আর মজার লড়াই ফুটে উঠবে। তিনি আরও জানান, এমন গল্পের খোঁজও চলছে, যেখানে তাঁদের এই বিশেষ রসায়নকে পুরোপুরি কাজে লাগানো যাবে।
উল্লেখ্য, কিছুদিন আগেই ঋণ সংক্রান্ত সমস্যার কারণে আত্মসমর্পণ করতে হয়েছিল রাজপাল যাদবকে। সেই কঠিন সময় পেরিয়ে এখন তিনি আবারও নিজের কাজ এবং স্বপ্ন নিয়ে এগোতে চাইছেন। নতুন করে দর্শকদের সামনে নিজেকে ভিন্নভাবে তুলে ধরার এই ইচ্ছাই যেন তার কথায় স্পষ্ট হয়ে উঠেছে।

এখন দেখার বিষয়, অক্ষয় কুমার ও রাজপাল যাদবের এই ইচ্ছা কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং সত্যিই কি বড় পর্দায় টম-জেরির আদলে এক ভিন্নধর্মী অ্যাকশন ছবি দেখতে পাবেন দর্শকরা।
পিআর/টিএ