পেয়েছিলেন ‘ডাইনি’ অপবাদ, প্রাক্তন প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী
ছবি: সংগৃহীত
০৬:৫৭ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
বলিউডের বিতর্কিত অথচ স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও উঠে এলেন শিরোনামে, তবে এবার পুরনো এক তিক্ত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে। দীর্ঘদিন আগের ব্যক্তিগত সম্পর্ক, অভিযোগ আর অপবাদ সব মিলিয়ে এক ঝড়ো সময়ের কথা নতুন করে সামনে আনলেন তিনি।
দুই হাজার আট থেকে নয় সালের মধ্যে অভিনেতা অধ্যয়ন সুমনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কঙ্গনা। সেই সময় ‘রাজ় ২’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর পরিস্থিতি দ্রুত তিক্ত হয়ে ওঠে। দুই হাজার পনেরো সালে কঙ্গনার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনেন অধ্যয়ন, যার মধ্যে ছিল মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগও।

এমনকি সেই সময় কঙ্গনার বিরুদ্ধে অদ্ভুত সব অভিযোগও ছড়ায়। অভিযোগ ওঠে, তিনি নাকি কালো জাদুর চর্চা করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্ক নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী। যদিও সরাসরি নাম উল্লেখ করেননি, তবুও ইঙ্গিতপূর্ণ বক্তব্যে সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
কঙ্গনার কথায়, সেই সময় তাকে ‘ডাইনি’ আখ্যা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল। নানা রকম কটূক্তি, অপবাদ এবং সামাজিক চাপে তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা চলেছিল। তিনি জানান, তখন তার বয়স ছিল খুবই কম, আর সেই পরিস্থিতিতে নিজেকে রক্ষা করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এই কঠিন সময় কাটিয়ে উঠতে নিজের কাজেই ভরসা রেখেছিলেন কঙ্গনা। তার মতে, সেই সময়ের সংগ্রামই তাকে আরও শক্ত করে তোলে। পরে একটি সফল ছবির মাধ্যমে তিনি ঘুরে দাঁড়ান এবং নিজের অবস্থান আরও মজবুত করেন।
পুরনো এই অধ্যায় তুলে ধরে কঙ্গনা যেন আবারও জানিয়ে দিলেন, বিতর্ক তার জীবনের অংশ হলেও সেখান থেকেই তিনি নিজের লড়াইয়ের শক্তি খুঁজে নিয়েছেন।
পিআর/টিএ