পিরোজপুরে চুরির অপবাদে নির্যাতন, ডিবির ৩ সদস্য ক্লোজড
ছবি: সংগৃহীত
০৭:০১ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
পিরোজপুরে চুরির অপবাদে এক কেয়ারটেকারকে নির্যাতনের অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন সদস্যকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন ডিবির পরিদর্শক (ইন্সপেক্টর) আরিফুল ইসলাম, কনস্টেবল আল মামুন ও কনস্টেবল কাওসার। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
ভুক্তভোগী ইউনুস ফকির পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ‘গত ১৩ এপ্রিল দুপুরে তার কাছে থাকা একটি কক্ষের চাবি ফেরত চান ডিবির পরিদর্শক আরিফুল ইসলাম।
পরে ওই কক্ষ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ এনে তার ওপর চাপ প্রয়োগ করা হয়। অভিযোগ অস্বীকার করলে তাকে হ্যান্ডকাফ পরিয়ে নিচতলায় নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়।’ পরে আরো কয়েকজন সদস্য এতে যুক্ত হন বলে অভিযোগ করেন তিনি। ইউনুসের অভিযোগ, এক পর্যায়ে তাকে পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বাধ্য করা হয়। পরে তাকে বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা জোগাড় করতে বলা হয়। টাকা দেওয়ার পরও তাকে আবার মেসে এনে নির্যাতন করা হয়।
তবে পরে জিজ্ঞাসাবাদে ওই মেসে কর্মরত আরেক ব্যক্তি চুরির দায় স্বীকার করলে ঘটনার ভিন্নতা আসে। পুলিশ ওই টাকা উদ্ধার করে এবং ইউনুসের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেয়। ঘটনাটি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে জেলায় সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ডিবির তিন সদস্যকে ক্লোজ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউটি/টিএ