‘হেরা ফেরি ৩’ সিনেমার ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ জানালেন অক্ষয় কুমার
ছবি: সংগৃহীত
০৮:১৮ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
বলিউডের কমেডির অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’ নিয়ে দর্শকের আগ্রহ বহু বছর ধরেই তুঙ্গে। কিন্তু বহু প্রতীক্ষিত তৃতীয় কিস্তি ‘হেরা ফেরি ৩’ নিয়ে আবারও এল অনিশ্চয়তার খবর। এবার সরাসরি অভিনেতা অক্ষয় কুমার জানিয়ে দিলেন, আপাতত এই ছবির কাজ শুরু হচ্ছে না।
অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠির এই ত্রয়ীকে ঘিরে গড়ে ওঠা ফ্র্যাঞ্চাইজি দর্শকের কাছে শুধু সিনেমা নয়, এক ধরনের আবেগ। দুই হাজার সালে মুক্তি পাওয়া প্রথম ‘হেরা ফেরি’ এবং দুই হাজার ছয়ে মুক্তি পাওয়া ‘ফির হেরা ফেরি’ আজও দর্শকের কাছে সমান জনপ্রিয়। তাই তৃতীয় পর্বের অপেক্ষা দীর্ঘদিন ধরেই চলছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানান, এখনই ‘হেরা ফেরি ৩’ শুরু হচ্ছে না। তার কথায়, ছবিটিকে ঘিরে একাধিক সমস্যা তৈরি হয়েছে, যার কারণে কাজ পিছিয়ে যাচ্ছে। তবে তিনি স্পষ্ট করেন, বিষয়টি কোনো ব্যক্তিগত দূরত্ব বা মতবিরোধের কারণে নয়।
অক্ষয় আরও জানান, তিনি, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠি সবাই একসঙ্গে কাজ করতে আগ্রহী। এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন আসন্ন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে তাদের একসঙ্গে উপস্থিত থাকার বিষয়টি। তার মতে, কিছু অভ্যন্তরীণ বোঝাপড়া এবং জটিলতার কারণে ‘হেরা ফেরি ৩’-এর কাজ এখনই এগোচ্ছে না।
উল্লেখ্য, দুই হাজার পঁচিশ সালে পরেশ রাওয়ালের প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণাকে ঘিরে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। এমনকি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আইনি পদক্ষেপের খবরও শোনা গিয়েছিল। যদিও পরবর্তীতে পরিস্থিতি বদলায় এবং তিনি প্রকল্পে ফিরে আসেন।
অক্ষয় কুমার অবশ্য অনুরাগীদের আশ্বস্ত করেছেন যে, সঠিক সময় এলে এই ছবি অবশ্যই তৈরি হবে। তবে আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই। তার রসিক মন্তব্য, এই সময়ের মধ্যে যেন কেউ খুব বেশি ‘বুড়ো’ না হয়ে যায়, সেই আশা রাখাই যায়।

ফলে স্পষ্ট, ‘হেরা ফেরি ৩’ ঘিরে উত্তেজনা থাকলেও আপাতত অনিশ্চয়তার মেঘ সরছে না। দর্শকের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হতে চলেছে বলেই ইঙ্গিত মিলছে।
পিআর/টিএ