© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পত্রলেখার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ, কড়া জবাব উরফির

শেয়ার করুন:
পত্রলেখার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ, কড়া জবাব উরফির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৬ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
নতুন মা হওয়ার পর শরীরের পরিবর্তন নিয়ে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী পত্রলেখা। তবে সেই সমালোচনার জবাবে এবার সরব হলেন উরফি জাভেদ, আর তার বক্তব্য ঘিরে ফের আলোচনায় উঠে এল শরীর নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি ও নারীদের প্রতি মানসিকতা।

গত বছর নভেম্বর মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন পত্রলেখা। দীর্ঘদিন পর প্রকাশ্যে আসতেই তার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় কটাক্ষ ও কটু মন্তব্য। অনেকেই তার ওজন বৃদ্ধিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, যা নিয়ে ইতিমধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।

এই পরিস্থিতিতে পত্রলেখার পাশে দাঁড়িয়ে কঠোর ভাষায় সমালোচকদের জবাব দিয়েছেন উরফি জাভেদ। তিনি স্পষ্টভাবে বলেন, সন্তানের জন্ম দেওয়ার পর একজন নারীর শরীরে পরিবর্তন আসা সম্পূর্ণ স্বাভাবিক এবং তা সুস্থতারই প্রতিফলন। তার মতে, এই ধরনের মন্তব্য নারীর প্রতি অসম্মানজনক এবং অমানবিক মানসিকতার পরিচয়।



উরফি জাভেদ আরও মন্তব্য করেন, মা হওয়ার পর একজন নারী যে শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যান, তা বোঝার মতো সংবেদনশীলতা অনেকের নেই। তাই তিনি অনুরোধ করেন, কোনো নারীর শরীর নিয়ে অকারণে মন্তব্য না করতে এবং এই ধরনের মানসিকতা থেকে সরে আসতে।

এই বিতর্কে শুধু উর্ফী নন, আরও অনেক তারকাও পত্রলেখার পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রী নেহা ধুপিয়া বলেন, নতুন মায়ের শরীর নিয়ে সমালোচনা বন্ধ করা উচিত, কারণ তিনি একটি নতুন জীবনকে গড়ে তুলেছেন নিজের ভেতরে। স্বরা ভাস্করও একই সুরে জানান, মা হওয়ার পর শরীর নিয়ে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং এই ধরনের কটাক্ষ অত্যন্ত অপ্রয়োজনীয়।

অন্যদিকে পত্রলেখা নিজেও ইতিমধ্যেই ট্রোলারদের জবাব দিয়েছেন। তিনি জানান, মাতৃত্বের দায়িত্বের পাশাপাশি পেশাগত কাজ সামলানো সহজ নয়। তিনি একই সময়ে সন্তান জন্ম দিয়েছেন এবং প্রযোজনার কাজও করেছেন। তাই শরীরের পরিবর্তন নিয়ে অযথা সমালোচনা না করে পরিস্থিতি বোঝার আহ্বান জানিয়েছেন তিনি।

এই ঘটনায় আবারও সামনে এসেছে তারকাদের ব্যক্তিগত জীবন ও শরীর নিয়ে সামাজিক মাধ্যমের অতিরিক্ত আগ্রাসী মন্তব্যের বিষয়টি, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিনোদন জগতে।

পিআর/টিএ

মন্তব্য করুন