© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিড় সামলানোর ভয়ে অ্যাশেজের কনসার্ট বাতিল!

শেয়ার করুন:
ভিড় সামলানোর ভয়ে অ্যাশেজের কনসার্ট বাতিল!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
অপেক্ষায় ছিলেন হাজারো ভক্ত আর প্রস্তুতিও ছিল প্রায় চূড়ান্ত। কিন্তু শেষ মুহূর্তে এসে হতাশ হতে হলো জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের শ্রোতাদের। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আজ শনিবার ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ব্যান্ডটির বহুল প্রতীক্ষিত একটি কনসার্ট। তবে দর্শক সামলানোর আশঙ্কায় শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান।

শুক্রবার ১৭ এপ্রিল দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি খোলাসা করেন এই গায়ক। সেখানে জুনায়েদ ইভান লেখেন, ‘১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অ্যাশেজ কনসার্ট করছে না। আয়োজকরা জানিয়েছে, অ্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট।’

কনসার্ট ভেন্যুর সীমিত পরিসর এবং প্রশাসনিক উদ্বেগের কথাও তুলে ধরেন তিনি। জুনায়েদ ইভান আরও লেখেন, ‘জায়গাটাও ছোট। প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস্যা হবে।’



হঠাৎ কনসার্ট বাতিলের খবরে মন খারাপ করা ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তাও দেন এই শিল্পী। তিনি লেখেন, ‘আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও। কোনো উত্তাল সমুদ্র রাতে!’

প্রসঙ্গত চলতি মাসের শুরু থেকে শুক্রবার ১৭ এপ্রিল পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১২টি কনসার্ট করেছে অ্যাশেজ। এ ছাড়া আগামী জুন মাসে ইতালির রোম ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে ব্যান্ডটির পারফর্ম করার কথা রয়েছে।

পিআর/টিএ

মন্তব্য করুন