জনপ্রিয়তার শীর্ষে থেকেও কপিল শর্মা শো ছেড়ে দিলেন আলী আসগর!
ছবি: সংগৃহীত
১০:৩১ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় কমেডি শো থেকে হঠাৎই সরে দাঁড়ানো, সেই সিদ্ধান্তের পেছনের বাস্তব কারণ এবার খোলাখুলি জানালেন কৌতুক অভিনেতা আলী আসগর। ‘দাদি’ চরিত্রে বিপুল জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও কেন তিনি মাঝপথে শো ছেড়ে দেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল জল্পনা। অবশেষে সেই প্রশ্নের জবাব দিলেন অভিনেতা নিজেই।
আলী জানান, পর্দায় নারী সেজে অভিনয় করার প্রভাব পড়ছিল তার ব্যক্তিগত জীবনে, বিশেষ করে সন্তানদের উপর। স্কুলে সহপাঠীদের কাছ থেকে বিদ্রূপ ও হাসিঠাট্টার শিকার হতে হচ্ছিল তার ছেলে-মেয়েকে। সেই পরিস্থিতি মানতে পারেননি আলি। সন্তানের মানসিক চাপের কথা ভেবেই তিনি সিদ্ধান্ত নেন জনপ্রিয়তার শীর্ষে থেকেও শো ছেড়ে দেওয়ার।

অভিনেতার কথায়, এই চরিত্র তাকে খ্যাতি দিলেও একই সঙ্গে তৈরি করেছিল অস্বস্তি। একদিকে দর্শকের ভালোবাসা, অন্যদিকে পরিবারের কষ্ট এই টানাপোড়েনই তাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তিনি স্পষ্ট বলেন, তিনি চাননি তাঁর সন্তানের পরিচয় নিয়ে কেউ কটাক্ষ করুক বা তাকে অপমানিত হতে হোক।
এছাড়াও, এক ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে করতে নিজেকে আটকে পড়া মনে হচ্ছিল আলির। বিভিন্ন শো থেকেও তাকে একই ধরনের নারী চরিত্রের প্রস্তাব দেওয়া হত, যা তার অভিনয়জীবনে একঘেয়েমি তৈরি করছিল। তিনি অন্য ধরনের চরিত্রে কাজ করতে চাইলেও সেই সুযোগ পাচ্ছিলেন না।
সব মিলিয়ে ব্যক্তিগত জীবন, সন্তানের ভবিষ্যৎ এবং অভিনয়ের বৈচিত্র্য এই তিন কারণেই তিনি জনপ্রিয় শো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। আজও সেই সিদ্ধান্ত নিয়ে তার কোনও আক্ষেপ নেই, বরং তিনি মনে করেন সেটাই ছিল তার জীবনের সঠিক পদক্ষেপ।
পিআর/টিএ