© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘মান্নাত’ ছেড়ে ভাড়াবাড়িতে শাহরুখ, মুখ খুললেন বাড়িওয়ালা জ্যাকি

শেয়ার করুন:
‘মান্নাত’ ছেড়ে ভাড়াবাড়িতে শাহরুখ, মুখ খুললেন বাড়িওয়ালা জ্যাকি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৯ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
মুম্বাইয়ের সমুদ্রতীরবর্তী ঐতিহ্যবাহী বাসভবন ‘মান্নাত’ আপাতত ফাঁকা। দীর্ঘদিনের সেই পরিচিত ঠিকানা ছেড়ে সাময়িকভাবে ভাড়াবাড়িতে উঠেছেন শাহরুখ খান। নিজের স্বপ্নের বাড়িকে নতুন করে সাজিয়ে তুলতে চলছে জোরকদমে সংস্কারকাজ, আর সেই কাজের তত্ত্বাবধানে রয়েছেন তার স্ত্রী গৌরী খান। তাই আপাতত পরিবার-পরিজন নিয়ে মুম্বাইয়ের পালি হিল এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটেই দিন কাটছে খানের পরিবারের।

দ্বিতল বিশিষ্ট সেই ফ্ল্যাটের মালিক বলিউডের প্রযোজক বাসু ভগনানি এবং তার ছেলে জ্যাকি ভগনানি। জানা যাচ্ছে, গত বছর আর্থিক টানাপোড়েনের মধ্যেই তাদের এই সম্পত্তির চারটি তলা মাসিক প্রায় ২৪ লক্ষ টাকায় ভাড়া নেন শাহরুখ। সেই সময় প্রযোজনা সংস্থার কঠিন পরিস্থিতিতে এই ভাড়া যেন কিছুটা স্বস্তি এনে দেয় ভগনানি পরিবারকে।

তবে শুধু আর্থিক দিক থেকেই নয়, ব্যক্তিত্বের দিক থেকেও শাহরুখ মুগ্ধ করেছেন বাড়িওয়ালাদের। জ্যাকি ভগনানি খোলাখুলিভাবে জানিয়েছেন, তিনি শুধু প্রার্থনা করেন যেন একদিন শাহরুখের মতো মানুষ হতে পারেন। তার কথায়, এত বড় মাপের তারকা হওয়া সত্ত্বেও শাহরুখের বিনয় ও ব্যবহার সত্যিই বিরল।

জ্যাকি আরও বলেন, শাহরুখের সঙ্গে যখন কেউ কথা বলেন, তখন তিনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেই মানুষটির কথাই শোনেন। সামনে থাকা ব্যক্তিকে গুরুত্ব দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তার। অতিথি যত সাধারণই হোন না কেন, তাদের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বিদায় জানান তিনি। এই আচরণেই যেন আরও একধাপ এগিয়ে গিয়েছেন বলিউড বাদশা, তাই জ্যাকির ভাষায় তিনি ‘দশে এগারো’।



এদিকে ‘মান্নাত’-এর অন্দরসজ্জায় আসছে বড়সড় পরিবর্তন। বাড়িটিকে নতুনভাবে সাজাতে ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ, যা চলবে টানা প্রায় দু’বছর। শোনা যাচ্ছে, বাড়িটিতে আরও দু’টি তলা যোগ করার পরিকল্পনাও রয়েছে, যার অনুমতি আগেই নেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক চললে ২০২৭ সালে নতুন রূপে সাজানো ‘মান্নাত’-এ ফিরবেন শাহরুখ।

তারকাদের জৌলুসের আড়ালে এমন মানবিক ও সহজ স্বভাবের গল্পই যেন আবারও মনে করিয়ে দেয়, জনপ্রিয়তার শীর্ষে থেকেও মাটিতে পা রেখেই চলেন শাহরুখ খান।

পিআর/টিকে


মন্তব্য করুন