সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু আজ
ছবি: সংগৃহীত
০৯:১৯ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আজ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। আজ রবিবার (১৯ এপ্রিল) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হবে।
এছাড়াও, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের জন্য ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। এর মধ্যে ২৯টি একক বেঞ্চ এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।
২০২৬ সালের ৮৪ নম্বর বেঞ্চ গঠন বিধিতে উল্লেখ করা হয়েছে, ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য এসব বেঞ্চ কার্যকর থাকবে।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, অবকাশকালীন ছুটির সময় জরুরি কিছু মামলা সীমিত পরিসরে নিষ্পত্তি হলেও নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে।
বিশেষ করে বিচারাধীন মামলার জট কমাতে নতুন করে গঠিত বেঞ্চগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আইনজীবীরাও নিয়মিত শুনানি শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এমআই/টিকে